সাত বছর প্রেমের পর বিয়ে, জর্জিনাকে জীবনসঙ্গী করলেন রোনাল্ডো।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক : ৭ বছরের প্রেমের সম্পর্কে এ বার নতুন অধ্যায়। দীর্ঘদিনের সঙ্গী জর্জিনা রদ্রিগেজকে বিয়ে করলেন পর্তুগিজ ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। মঙ্গলবার, ১১ অগস্ট পর্তুগালের ক্যাসকাইসে ঘনিষ্ঠ পরিসরে সামাজিক বিবাহ সারেন ৪১ বছরের রোনাল্ডো এবং ৩২ বছরের জর্জিনা।
জানা গিয়েছে, বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দম্পতির পাঁচ সন্তান। অনুষ্ঠানটি ছিল একেবারেই ব্যক্তিগত এবং ঘরোয়া। বিয়ের পর সমাজমাধ্যমে দু’জনের হাতের ছবি প্রকাশ করেন রোনাল্ডো। দু’জনের আঙুলে তখন ঝলমল করছে বিয়ের আংটি। ছবির সঙ্গে তিনি লেখেন, ‘‘C ❤️ G’’।

২০১৭ সালে প্রথম আলাপ রোনাল্ডো ও জর্জিনার। তখন একটি গুচি বিপণিতে বিক্রয়কর্মী হিসেবে কাজ করতেন জর্জিনা। সেই বছরই জ়ুরিখে ‘দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ডস’-এর মঞ্চে প্রথম বার একসঙ্গে লাল কার্পেটে দেখা যায় দু’জনকে। পরে সমাজমাধ্যমে সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন তাঁরা।
২০২৫ সালের অগস্টে বাগ্দানের কথা ঘোষণা করেছিলেন জর্জিনা। নিজের হাতের উপর রোনাল্ডোর হাত রাখা একটি ছবি দিয়ে বিশাল ডিম্বাকৃতি হিরের আংটি দেখিয়েছিলেন তিনি। সঙ্গে লিখেছিলেন, ‘‘হ্যাঁ, আমি রাজি। এই জীবনেও, আমার প্রতিটি জীবনেও।’’
রোনাল্ডো ও জর্জিনার পাঁচ সন্তান—যমজ ইভা মারিয়া ও মাতেও, কন্যা আলানা, কন্যা বেলা এবং রোনাল্ডোর আগের সম্পর্কের সন্তান ক্রিশ্চিয়ানো জুনিয়র। ২০২২ সালে বেলা জন্মানোর সময় তাঁর যমজ ভাই অ্যাঞ্জেলের মৃত্যু হয়।
রোনাল্ডোর প্রেমকাহিনির শুরুর দিনগুলি উঠে এসেছিল জর্জিনার নেটফ্লিক্স সিরিজ ‘আই অ্যাম জর্জিনা’-তেও। সেখানে রোনাল্ডো জানিয়েছিলেন, প্রথম দেখাতেই জর্জিনাকে তাঁর বয়সের তুলনায় ‘‘অনেক বেশি পরিণত’’ বলে মনে হয়েছিল।