প্রথমবার কমনওয়েলথে খেলতে নেমেই নজর কাড়লেন ৫ ভারতীয় ক্রীড়াবিদ।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক : কমনওয়েলথ গেমসে অভিষেক। আর প্রথম বারেই পদক জিতে নজির গড়লেন ভারতের পাঁচ ক্রীড়াবিদ। কারও ঝুলিতে সোনা, তো কেউ জিতে নিলেন রুপো। তাঁদের সাফল্যের গল্পে যেমন রয়েছে কঠিন লড়াই, তেমনই রয়েছে রেকর্ড গড়ার কৃতিত্বও।
শর্মিলা ধানকর — মহিলাদের শট পাট F57
হরিয়ানার শর্মিলা ধানকরের সাফল্যের নেপথ্যে রয়েছে কঠিন জীবনসংগ্রাম। বিয়ের পর গার্হস্থ্য হিংসার শিকার হয়েছিলেন তিনি। সেই প্রতিকূলতা পেরিয়ে খেলাধুলোকেই শক্তি করে এগিয়ে যান শর্মিলা। কমনওয়েলথে অভিষেকেই ৯.৮১ মিটার থ্রো করে মরসুমের সেরা পারফরম্যান্স করে জিতে নিয়েছেন সোনা।

দিলীপ গাভিত — পুরুষদের ১০০ মিটার T47
অভিষেকেই ইতিহাস দিলীপ গাভিতের। দুর্ঘটনায় হাত কাটা গেলেও দিলীপ অপ্রতিরোধ্য। পুরুষদের ১০০ মিটার T47 বিভাগে ১০.৭১ সেকেন্ড সময়ে অতিক্রম করে শুধু সোনাই জেতেননি, গড়েছেন নতুন কমনওয়েলথ গেমস রেকর্ডও। প্রথম বারেই নজর কাড়া এই দৌড় ভারতীয় অ্যাথলেটিক্সের জন্যও বড় প্রাপ্তি।
অস্মিতা দে — জুডো
মাত্র ২৩ বছর বয়সে ইতিহাস অস্মিতা দে-র। মহিলাদের ৪৮ কেজি বিভাগে কানাডার হেইডি কোয়াচকে ‘গোল্ডেন স্কোর’-এ হারিয়ে সোনা জিতেছেন তিনি। তাঁর হাত ধরেই কমনওয়েলথ গেমসের ইতিহাসে প্রথম জুডো সোনা পেল ভারত।

প্রীতি পাওয়ার — বক্সিং
২০২২ এশিয়ান গেমসে ব্রোঞ্জজয়ী প্রীতি পাওয়ারও অভিষেকেই সোনা জিতেছেন। মহিলাদের ৫৪ কেজি বিভাগে ফাইনালে কানাডার স্কারলেট ডেলগাডোকে হারিয়ে শীর্ষস্থান দখল করেন তিনি।

জ্ঞানেশ্বরী যাদব — ভারোত্তোলন
অভিষেকেই রুপো জ্ঞানেশ্বরী যাদবের। মহিলাদের ৫৩ কেজি বিভাগে স্ন্যাচ এবং ক্লিন অ্যান্ড জার্ক মিলিয়ে মোট ১৯৯ কেজি ওজন তোলেন তিনি। এই পারফরম্যান্স জাতীয় রেকর্ডও গড়েছে। সোনা না এলেও অভিষেকেই রেকর্ড গড়ে কমনওয়েলথের মঞ্চে নিজেকে স্পটলাইটে এনেছেন জ্ঞানেশ্বরী।