আট বছর পর ফের আলোচনায় ২০১৮ সালের ‘স্যান্ডপেপার কাণ্ড’। অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার উসমান খাওয়াজা তাঁর আসন্ন আত্মজীবনী Sabr-এ দাবি করেছেন, কেপ টাউন টেস্টে বল বিকৃত করার ঘটনায় শুধু ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথ ও ক্যামেরন ব্যানক্রফট নন, গোটা অস্ট্রেলীয় দলই বিষয়টি জানত। এমনকি দলের কেউ প্রতিবাদও করেননি বলে দাবি তাঁর। এ বার সেই বক্তব্যেই প্রকাশ্যে সিলমোহর দিলেন ওয়ার্নার।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক
ইনস্টাগ্রামে এক ভিডিয়ো বার্তায় প্রাক্তন অজি ওপেনার বলেন, ‘‘তুমি যা বলেছ, একশো শতাংশ ঠিক। এখন সবাই সত্যিটা জানে। মানুষ সত্যিটা জানতে চেয়েছিল, আর তুমি সেটা সামনে এনেছ।’’
২০১৮ সালে বল-বিকৃতির ঘটনায় ওয়ার্নার, স্মিথ ও ব্যানক্রফটকে শাস্তি দিয়েছিল ক্রিকেট অস্ট্রেলিয়া। ওয়ার্নার ও স্মিথকে এক বছরের জন্য নির্বাসিত করা হয়। খাওয়াজার দাবি, পুরো ঘটনার দায় ওই তিন জনের ঘাড়ে চাপানো ঠিক হয়নি।
তদন্ত নিয়েও প্রশ্ন তুলেছেন ওয়ার্নার। তাঁর অভিযোগ, তদন্ত ছিল তাড়াহুড়ো করে করা এবং তাতে বড়সড় গলদ ছিল। তাঁর বক্তব্য, ব্যানক্রফটের পাশে ড্রেসিংরুমে বসে থাকা খাওয়াজাকেই যদি জিজ্ঞাসাবাদ না করা হয়, তবে সেই তদন্ত কতটা পূর্ণাঙ্গ ছিল?

খাওয়াজার বিরুদ্ধে ‘আট বছর পরে কেন?’ প্রশ্ন তোলারও সমালোচনা করেছেন ওয়ার্নার। তাঁর কথায়, বিষয়টি বই বিক্রির জন্য সামনে আনা হয়েছে কি না, সেই প্রশ্ন না তুলে তদন্ত এবং দায়বদ্ধতা নিয়েই আলোচনা হওয়া উচিত।
এ দিকে, বিষয়টি প্রকাশ্যে আসার পর নিজের দুই মেয়েকেও ঘটনাটি বুঝিয়ে বলতে হয়েছে ওয়ার্নারকে। তাঁর কথায়, ‘‘আমি মেয়েদের বলেছি, সব সময় সত্যি বলবে। কারণ মিথ্যে এক দিন না এক দিন প্রকাশ্যে আসবেই।’’
সব শেষে খাওয়াজার পাশে দাঁড়িয়ে ওয়ার্নারের বার্তা, ‘‘এটা কঠিন সময়। কিন্তু সত্যিটা সামনে আসা দরকার ছিল। আমি উজিকে পুরোপুরি সমর্থন করছি।’’