পরাজিত মহামেডান স্পোর্টিং ক্লাব

বারাসাত বিদ্যাসাগর ক্রীড়াঙ্গনে অনুষ্ঠিত দুদলের ম্যাচে মোহনবাগান সুপার জায়ান্ট ৩-২ গোলে মহামেডান স্পোর্টিং ক্লাব।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক : নাটকীয় পরিসমাপ্তি কলকাতা ফুটবল লিগের। আজ তিন মাঠে নেমেছিল সুপার সিক্সের ছটি দল। অঙ্কের হিসেবে পাঁচটি দলের কাছে ছিল লিগ তালিকার শীর্ষে থাকার সম্ভাবনা। এর মধ্যে সবচেয়ে জোরালো সম্ভাবনা ছিল মোহনবাগান সুপার জায়ান্ট ও মহামেডান স্পোর্টিং ক্লাবের কাছে। দুই দলের যে কোনও দল জিতলেই শীর্ষে। বারাসাত বিদ্যাসাগর ক্রীড়াঙ্গনে অনুষ্ঠিত দুদলের ম্যাচে মোহনবাগান সুপার জায়ান্ট ৩-২ গোলে মহামেডান স্পোর্টিং ক্লাবকে হারানোয় বাকি দুটি ম্যাচের ফলাফল লিগ তালিকার শীর্ষ স্থান নির্ধারণের ক্ষেত্রে কোনও প্রভাব ফেলতে পারেনি। মোহনবাগানের হয়ে সাহাল আব্দুল সামাদ জোড়া গোল করেন। অন্য গোলটি সায়ন ব্যানার্জীর। মহামেডানের পক্ষে গোল করেন লালরেমসাঙ্গা ও মহিতোষ রায় । খেলার ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন মোহনবাগানের সাহাল আব্দুল সামাদ। অন্য দিকে সেভ অব দ্যা ম্যাচের পুরস্কার পান মহামেডান স্পোর্টিং এর গোলরক্ষক নিখিল ডেকা।

পুরস্কার তুলে দেন বিধায়ক শঙ্কর চট্টোপাধ্যায়, আইএফএ সচিব অনির্বাণ দত্ত, উত্তর চব্বিশ পরগনার অ্যাডিশনাল এসপি জোনাল ধ্রুব জ্যোতি ব্যানার্জী। ইস্টবেঙ্গল মাঠে ইস্টবেঙ্গল ৭-০ গোলে হারালো কোল ইন্ডিয়া এস পি এ কে। লাল হলুদের হয়ে জোড়া গোল করেন বিজয় মুর্মু ও আকাশ হেমব্রম। অন্য গোলগুলি করেন তন্ময় দাস, মহম্মদ বিলাল ও উত্তম হাঁসদা। ব্যারাকপুর স্টেডিয়ামে ইউনাইটেড স্পোর্টস ক্লাব ও ভবানীপুর এফসির খেলা গোলশূন্য ড্র হয়।