তাঁর দাবি, বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্তিনার বিশ্বকাপ অভিযান শেষ হয়ে যাবে নকআউটের শুরুতেই।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক : ফুটবল বিশ্বকাপ মানেই তো চমক। বিশ্বকাপের মঞ্চে কখনও কখনও এমন কিছু ঘটনা ঘটে যা ফুটবলপ্রেমীদের আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে। মাঠের লড়াই, গোল কিংবা খেলোয়াড়দের পারফরম্যান্সের পাশাপাশি এবার আলোচনায় উঠে এসেছে ঘানার এক ওঝার বিস্ফোরক ভবিষ্যদ্বাণী। বিশ্বকাপের ধারেকাছে না থেকেও যিনি নিজের দাবি আর রহস্যময় কথাবার্তায় তৈরি করেছেন চাঞ্চল্য। তিনি হলেন ঘানার জনপ্রিয় ওঝা নানা কোয়াকু বনসাম। তাঁর দাবি, বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্তিনার বিশ্বকাপ অভিযান শেষ হয়ে যাবে নকআউটের শুরুতেই। আর সেই অসম্ভব কাজটি করবে বিশ্বকাপে প্রথমবার অংশ নেওয়া ছোট্ট দেশ কেপ ভার্দে।
নানা কোয়াকু বনসামের এই মন্তব্য ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে তুমুল আলোচনা। সোশ্যাল মিডিয়া থেকে ফুটবলপ্রেমীদের মুখে এখন নানা কোয়াকুর নাম। কারণ এর আগেও বিশ্বকাপের মঞ্চে তাঁর কিছু ভবিষ্যদ্বাণী নিয়ে তৈরি হয়েছিল চর্চা। ঘানা ও ইংল্যান্ডের ম্যাচের আগে তিনি দাবি করেছিলেন, ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনকে তিনি গোল করতে দেবেন না। বনসাম বলেছিলেন, তাঁর অভিশাপের কারণে সমস্যায় পড়বেন কেন। শেষ পর্যন্ত সেই ম্যাচে একাধিক সুযোগ পেয়েও গোল করতে পারেননি ইংল্যান্ড অধিনায়ক। ম্যাচ শেষ হয়েছিল গোলশূন্য ড্রয়ে। এরপর থেকেই ঘানার এই ওঝাকে ঘিরে আগ্রহ বেড়ে যায় ফুটবল মহলে।
যদিও অনেকেই জাদুবিদ্যা বা অভিশাপের বিষয়টি বিশ্বাস করেন না। তবুও নানা কোয়াকু বনসামের ভবিষ্যদ্বাণী নিয়ে মানুষের কৌতূহল কমেনি। অনেকেই সোশ্যাল মিডিয়ায় মিম ও তাঁর করা মন্তব্যগুলি গিয়ে আলোচনা করছেন। হ্যারি কেনের ম্যাচের পর তিনি জানিয়েছিলেন, তাঁর অভিশাপের প্রভাব শেষ হয়েছে। এমনকি মজার ছলে বলেছিলেন, হ্যারি কেন তাঁর শত্রু নন। বরং ভবিষ্যতে তাঁর সন্তানের নামও হ্যারি কেন রাখতে পারেন। এবার তাঁর নতুন দাবি আরও বড় চমক তৈরি করেছে। বনসামের মতে, ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ট্রফি উঠবে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দেশের হাতে। তিনি বলেছেন, এই বিশ্বকাপ পর্তুগাল ও সিআরসেভেনর জন্য। তারা জিতবে। তাঁর এই ভবিষ্যদ্বাণী যদি সত্যি হয় তাহলে প্রথমবার বিশ্বকাপ জয়ের স্বাদ পেতে পারে পর্তুগাল। আর সেই সঙ্গে কেরিয়ারের শেষ প্রান্তে থাকা সিআরসেভেনের হাতে উঠতে পারে সোনালী ট্রফি।
তবে তাঁর সবচেয়ে আলোচিত ভবিষ্যদ্বাণী নিঃসন্দেহে আর্জেন্তিনাকে নিয়ে। বনসাম দাবি করেছেন, নকআউট পর্বে কেপ ভার্দের কাছে হেরে বিদায় নেবে লিওনেল মেসিদের দল। বিশ্বকাপের মতো বড় মঞ্চে সেখানে নবাগত কেপ ভার্দের কাছে আর্জেন্তিনার হার। শুনতেই অবিশ্বাস্য। অবশ্য ফুটবলের মাঠে কখনও কখনও অসম্ভব ঘটনাও বাস্তবে পরিণত হয়। কেপ ভার্দে অবশ্য এবারের বিশ্বকাপে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে। ছোট্ট এই আটলান্টিক দ্বীপরাষ্ট্রটি শক্তিশালী প্রতিপক্ষদের বিরুদ্ধে লড়াই করে নজর কেড়েছে। দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ে ও ইউরোপের অন্যতম শক্তিশালী দল স্পেনের মতো দলের বিপক্ষে ভালো ফল করে তারা নিজেদের প্রমাণ করেছে। ফুটবলে মাঠে পারফরম্যান্সই শেষ কথা বলে।
এর আগে ২০১৪ সালের বিশ্বকাপেও নানা কোয়াকু বনসাম আলোচনায় এসেছিলেন। সেইবার তিনি দাবি করেছিলেন, তিনি ক্রিশ্চিয়াননো রোনালদোর উপর কালো জাদু করেছেন। সেই বিশ্বকাপে পর্তুগাল প্রত্যাশামতো পারফর্ম করতে পারেনি ও গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছিল। সেই ঘটনার পর থেকেই বনসামের কথাবার্তা নিয়ে ফুটবল মহলে আলাদা আগ্রহ তৈরি হয়। তবে ভবিষ্যদ্বাণী আর বাস্তবতার মধ্যে পার্থক্য সবসময়ই থাকে। ফুটবল মাঠে শেষ সিদ্ধান্ত নেয় ৯০ মিনিটের লড়াই, খেলোয়াড়দের পারফরম্যান্স ও ভাগ্য। নানা কোয়াকু বনসামের কথা সত্যি হবে, নাকি আর্জেন্তিনা আবারও নিজেদের শক্তি দেখিয়ে এগিয়ে যাবে তার উত্তর পাওয়া যাবে শনিবার ৪ জুলাই। আপনাদের কী মনে হয়? নান কোয়াকু বনসামের ভবিষ্যদ্বাণী কি সত্যি হবে? নাকি মেসির আর্জেন্তিনা আবারও দেখাবে নিজেদের শক্তি।