একটি ভুলই শেষ করে দিতে পারে বিশ্বকাপ জয়ের স্বপ্ন। তাই প্রতিটি ম্যাচই হতে চলেছে ফাইনালের মতো কঠিন।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক : বিশ্বকাপের উত্তেজনা এখন অন্য উচ্চতায়। গ্রুপ পর্বের হিসাব-নিকাশ, রাউন্ড অফ ৩২-এর লড়াই পেরিয়ে এবার শেষ হয়েছে রাউন্ড অফ ১৬ ও। টানা কয়েকদিন ধরে ফুটবলপ্রেমীরা দেখেছেন দারুণ সব ম্যাচ। কখনও শেষ মুহূর্তের গোল, কখনও নাটকীয় প্রত্যাবর্তন, আবার কখনও ট্রাইব্রেকারের রুদ্ধশ্বাস লড়াই। আর সেই সব উত্তেজনার পর এবার শুরু হতে চলেছে বিশ্বকাপের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলোর একটি কোয়ার্টার ফাইনাল। এখান থেকে একটি ভুলই শেষ করে দিতে পারে বিশ্বকাপ জয়ের স্বপ্ন। তাই প্রতিটি ম্যাচই হতে চলেছে ফাইনালের মতো কঠিন।
রাউন্ড অফ ১৬ শেষে শেষ আটে জায়গা করে নিয়েছে ফ্রান্স, মরক্কো, স্পেন,বেলজিয়াম, ইংল্যান্ড, নরওয়ে, আর্জেন্তিনা ও সুইজারল্যান্ড। প্রতিটি দলই নিজেদের যোগ্যতা প্রমাণ করে এই জায়গায় পৌঁছেছে। কেউ সহজে জিতেছে, কেউ আবার শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করে টিকিট নিশ্চিত করেছে। এবার দেখে নেওয়া যাক কোয়ার্টার ফাইনালের সূচি।
কোয়াটার ফাইনাল
৯ জুলাই
(রাত ১.৩০)
ফ্রান্স VS মরক্কো
১০ জুলাই
(রাত ১২.৩০)
স্পেন VS বেলজিয়াম
১১ জুলাই
(রাত ২.৩০)
নরওয়ে VS ইংল্যান্ড
১২ জুলাই
সকাল ৬.৩০
আর্জেন্তিনা
VS
সুইজারল্যান্ড
এবার দলগুলোর পারফরম্যান্সের দিকে নজর দেওয়া যাক। ফ্রান্স শুরু থেকেই নিজেদের অন্যতম শিরোপা দাবিদার হিসেবে প্রমাণ করেছে। শক্তিশালী রক্ষণ, নিয়ন্ত্রিত ফুটবল এবং কিলিয়ান এমবাপের দুর্দান্ত ফর্ম দলটিকে বাড়তি আত্মবিশ্বাস দিয়েছে। রাউন্ড অফ ১৬-তে প্যারাগুয়ের বিপক্ষে এমবাপের পেনাল্টি থেকেই জয়ের একমাত্র গোল আসে। বড় ম্যাচে চাপ সামলানোর ক্ষমতা ফ্রান্সকে এখনও সবচেয়ে ভয়ঙ্কর দলগুলোর একটি করে তুলেছে। মরক্কো আবারও সবাইকে চমকে দিয়েছে। কানাডার বিরুদ্ধে ৩-০ ব্যবধানে জিতে তারা আত্মবিশ্বাসের সঙ্গে শেষ আটে উঠেছে। তাদের সংগঠিত রক্ষণ এবং দ্রুত পাল্টা আক্রমণ যে কোনও বড় দলের জন্য বড় চ্যালেঞ্জ হতে পারে।
স্পেন আগের মতোই বল দখল রেখে ধৈর্য ধরে আক্রমণ গড়ে তুলছে। রাউন্ড অফ ১৬-তে পর্তুগালকে ১-০ গোলে হারিয়ে তারা কোয়ার্টার ফাইনালে উঠেছে। মাঝমাঠের নিয়ন্ত্রণ এবং দলগত ফুটবলই স্পেনের সবচেয়ে বড় শক্তি। বেলজিয়াম শেষ ষোলোয় যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে হারিয়ে নিজেদের আক্রমণভাগের শক্তির পরিচয় দিয়েছে। দ্রুত গতির আক্রমণ, কার্যকর ফিনিশিং এবং অভিজ্ঞ খেলোয়াড়দের উপস্থিতি বেলজিয়ামকে স্পেনের বিরুদ্ধে কঠিন প্রতিপক্ষ করে তুলেছে। ইংল্যান্ড রাউন্ড অফ ১৬-তে মেক্সিকোকে ৩-২ গোলে হারিয়ে শেষ আটে উঠেছে। আক্রমণে ধার থাকলেও রক্ষণে কিছুটা দুর্বলতা দেখা গেছে। সেই ভুলগুলো শুধরে নিতে পারলে ইংল্যান্ড অনেক দূর যেতে পারে। নরওয়ে এই বিশ্বকাপে অন্যতম চমক। ব্রাজিলকে ২-১ গোলে হারিয়ে তারা প্রমাণ করেছে বড় দলকে হারানোর ক্ষমতা তাদের রয়েছে। দলগত ফুটবল এবং আত্মবিশ্বাসই নরওয়ের সবচেয়ে বড় শক্তি।
আর্জেন্তিনা রাউন্ড অফ ১৬-তে মিশরের বিরুদ্ধে ৩-২ ব্যবধানে জয় তুলে নিয়েছে। কঠিন পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়ানোর মানসিকতা আবারও দেখিয়েছে দলটি। অধিায়ক লিওনেল মেসি গুরুত্বপূর্ণ মুহূর্তে নেতৃত্ব দিয়ে দলের জয়ে বড় ভূমিকা রেখেছেন। তাঁর অভিজ্ঞতা এবং বড় ম্যাচে পার্থক্য গড়ে দেওয়ার ক্ষমতাই আর্জেন্তিনার সবচেয়ে বড় ভরসা। অন্যদিকে সুইজারল্যান্ড রাউন্ড অফ ১৬-তে কলম্বিয়ার বিরুদ্ধে ১২০ মিনিট গোলশূন্য থাকার পর ট্রাইব্রেকারে ৪-৩ ব্যবধানে জিতে কোয়ার্টার ফাইনালে উঠেছে। গোলরক্ষকের দুর্দান্ত পারফরম্যান্স ও শক্তিশালী রক্ষণই তাদের এই সাফল্যের মূল চাবিকাঠি।
এখন আর কোনও দ্বিতীয় সুযোগ নেই। একটি জয় নিয়ে যাবে সেমিফাইনালে আর একটি হার শেষ করে দেবে বিশ্বকাপ জয়ের স্বপ্ন। তাই আগামী চারটি ম্যাচে থাকবে বাড়তি চাপ, লড়াই ও অসংখ্য স্মরণীয় মুহূর্তের অপেক্ষা। ফুটবলপ্রেমীদের চোখ এখন কোয়ার্টার ফাইনালের দিকে। শেষ পর্যন্ত কোন চারটি দল সেমিফাইনালে জায়গা করে নেবে সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন।