বিজয়া দশমীর সন্ধ্যায় নিউটাউনের অন্যতম প্রধান আকর্ষণ বিশ্ববাংলা গেটের ঝুলন্ত রেস্তোরাঁয় আচমকাই বিধ্বংসী আগুন লাগার ঘটনায় তীব্র চাঞ্চল্য। প্রত্যক্ষদর্শীদের মতে, রেস্তোরাঁ থেকে আগুনের ফুলকি ও ধোঁয়া বের হতে দেখে নিচের রাস্তায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ইঞ্জিন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে নামে বিশাল পুলিশ বাহিনী।

বিশ্বজিৎ পল, নিজস্ব সংবাদদাতা
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার দশমীর সন্ধ্যায় ওই ঝুলন্ত রেস্তোরাঁয় বহু অতিথি উপস্থিত ছিলেন। প্রায় ৫০-৬০ জন যখন খাওয়া-দাওয়া করছিলেন, ঠিক তখনই আনুমানিক সন্ধ্যে সাড়ে ছ’টা নাগাদ আচমকা আগুনের সূত্রপাত হয়। রেস্তোরাঁ থেকে আগুনের ফুলকি ছিটকে নিচের রাস্তায় পড়তে শুরু করলে নিরাপত্তার স্বার্থে পুলিশ তৎক্ষণাৎ বিশ্ববাংলা গেটের নিচের প্রধান রাস্তায় যান চলাচল বন্ধ করে দেয়। দ্রুত তৎপরতার সঙ্গে রেস্তোরাঁর সমস্ত অতিথি ও কর্মীদের নিরাপদে নিচে নামানো হয়।
ঘটনার খবর পাওয়ামাত্রই ঘটনাস্থলে পৌঁছান বিধাননগর পুলিশ কমিশনারেটের কমিশনার অমিত কুমার ভারত রাঠোর। তাঁর সঙ্গে ছিলেন নিউটাউন থানা ও টেকনো সিটি থানার শীর্ষ পুলিশ আধিকারিকরা।

সরাসরি ঘটনাস্থল পরিদর্শন করে বিধাননগরের পুলিশ কমিশনার অমিত কুমার ভারত রাঠোর জানান, সন্ধ্যা সাড়ে ছ’টা নাগাদ বিশ্ববাংলা গেটের উপরের রেস্তোরাঁ অংশে আগুন লাগে। তবে দমকল আধিকারিক ও পুলিশের যৌথ তৎপরতায় অত্যন্ত দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। প্রাথমিকভাবে দমকলের তৎপরতায় বড়সড় বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে। কীভাবে ওই ঝুলন্ত রেস্তোরাঁয় আগুন লাগল, শর্ট সার্কিট নাকি রান্নাঘরের কোনও গোলমাল থেকে এই বিপত্তি, তা খতিয়ে দেখছেন দমকল ও হিডকোর আধিকারিকরা। এই ঘটনায় হতাহতের কোনও খবর মেলেনি।