প্রতিরক্ষা, অর্থনৈতিক নিরাপত্তা এবং অত্যাধুনিক প্রযুক্তির ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা আরও বাড়াতে সম্মত হল ভারত ও জাপান। পাশাপাশি, দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ৭৫ বছর পূর্তি উপলক্ষে প্রকাশ করা হল একটি যৌথ লোগো। শুক্রবার জাপানে তিন দিনের সরকারি সফর শেষ করেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তাঁর সফর শেষেই দুই দেশের মধ্যে সহযোগিতা বাড়ানোর এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক
বিদেশ মন্ত্রকের (MEA) তরফে জানানো হয়েছে, ১৮ থেকে ২০ নভেম্বর জাপান সফরে ছিলেন জয়শঙ্কর। এই সফরে তিনি ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে চতুর্থ ভারত-জাপান ‘২+২’ বিদেশ ও প্রতিরক্ষামন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দেন। জাপানের হয়ে বৈঠকে উপস্থিত ছিলেন বিদেশমন্ত্রী তোশিমিৎসু মোতেগি এবং প্রতিরক্ষামন্ত্রী শিনজিরো কোইজুমি।
বিদেশ মন্ত্রকের সরকারি বিবৃতি অনুযায়ী, ভারত ও জাপান মুক্ত, অবাধ এবং আন্তর্জাতিক নিয়ম মেনে চলা ইন্দো-প্যাসিফিক অঞ্চল গড়ে তোলার বিষয়ে নিজেদের অঙ্গীকার পুনরায় জানিয়েছে। প্রতিরক্ষা মহড়া, সামরিক সরঞ্জাম তৈরি, সামুদ্রিক নিরাপত্তা, সাইবার নিরাপত্তা এবং মহাকাশ গবেষণার মতো ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর সিদ্ধান্তও হয়েছে। পাশাপাশি, ভারতের সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে জাপানের আত্মরক্ষা বাহিনীকে (Japan Self-Defence Forces) গুলি চালানোর অনুশীলনের সুযোগ দিতে একটি সমঝোতাপত্রে সই করেছে দুই দেশ। গুরুত্বপূর্ণ কৌশলগত ক্ষেত্রগুলিতে যৌথ অর্থনৈতিক নিরাপত্তা প্রকল্প এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়েও সম্মত হয়েছে তারা। সব ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার কথাও জানিয়েছে দুই দেশ। এই বৈঠকের পর একটি যৌথ বিবৃতিও প্রকাশ করা হয়।
এছাড়াও জাপানের বিদেশমন্ত্রী তোশিমিৎসু মোতেগির সঙ্গে ১৯তম বিদেশমন্ত্রী পর্যায়ের কৌশলগত বৈঠকে (FMSD) অংশ নেন জয়শঙ্কর। সেখানে দুই দেশের মন্ত্রীই অর্থনৈতিক নিরাপত্তা এবং পণ্য সরবরাহের ব্যবস্থা আরও মজবুত করার উপর জোর দেন। সেমিকন্ডাক্টর, গুরুত্বপূর্ণ খনিজ পদার্থ, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), ডিজিটাল পরিকাঠামো, টেলিযোগাযোগ এবং অত্যাধুনিক প্রযুক্তির ক্ষেত্রে যৌথ কাজের সুযোগ নিয়েও আলোচনা হয়।
দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক পর্যালোচনার পাশাপাশি ভারতে জাপানি বিনিয়োগ বাড়ানোর বিষয়েও কথা বলেন দুই বিদেশমন্ত্রী। পরিবহণ, পরিকাঠামো এবং পণ্য সরবরাহ ব্যবস্থায় পারস্পরিক সহযোগিতা বাড়ানোর উপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি, দুই দেশের মানুষের মধ্যে যোগাযোগ ও সম্পর্ককে আরও মজবুত করার বিষয়েও আলোচনা হয়েছে। ভারত-জাপান মানবসম্পদ বিনিময় কর্মসূচির অ্যাকশন প্ল্যান কার্যকর করার প্রতিশ্রুতিও পুনরায় জানিয়েছে দুই দেশ। ইন্দো-প্যাসিফিক অঞ্চলের পরিস্থিতি এবং বিশ্বের সাম্প্রতিক ঘটনাবলি নিয়েও মতবিনিময় করেন দুই মন্ত্রী।
২০২৭ সালে ভারত ও জাপানের কূটনৈতিক সম্পর্কের ৭৫ বছর পূর্ণ হবে। সেই উপলক্ষে আয়োজিত হতে চলা বিভিন্ন অনুষ্ঠানের প্রস্তুতি নিয়েও আলোচনা করেন জয়শঙ্কর ও মোতেগি। দুই দেশের বিশেষ কৌশলগত ও আন্তর্জাতিক অংশীদারিত্বের সম্পর্কের প্রতীক হিসেবে ৭৫ বছর পূর্তি উপলক্ষে একটি যৌথ লোগোও প্রকাশ করেন তাঁরা।
টোকিও সফরে জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বর্তমানে জাপান-ইন্ডিয়া অ্যাসোসিয়েশনের (JIA) চেয়ারম্যান ফুমিও কিশিদার সঙ্গে দেখা করেন জয়শঙ্কর। বৈঠক করেন লিবারাল ডেমোক্র্যাটিক পার্টির ভাইস প্রেসিডেন্ট তারো আসোর সঙ্গেও। পাশাপাশি, তৃতীয় ‘রাইসিনা টোকিও’ সম্মেলনে বক্তব্য রাখেন তিনি। সেখানে ভারতের অর্থনৈতিক উন্নয়ন, বিশ্বমঞ্চে ভারতের ক্রমবর্ধমান প্রভাব এবং ভারত-জাপান সহযোগিতার নতুন সম্ভাবনার কথা তুলে ধরেন বিদেশমন্ত্রী।
বিদেশ মন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে, জয়শঙ্করের এই জাপান সফরের মাধ্যমে দুই দেশের পারস্পরিক সম্পর্ক আরও মজবুত করার অঙ্গীকার স্পষ্ট হয়েছে। ইন্দো-প্যাসিফিক অঞ্চল-সহ গোটা বিশ্বে শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি বজায় রাখতেও একসঙ্গে কাজ করতে চায় ভারত ও জাপান।