৭৭ বছরে ‘দুর্গা’ রূপে মঞ্চ মাতালেন ‘ড্রিমগার্ল’ হেমা

বয়স যে সত্যিই একটা সংখ্যা মাত্র, তা আরও এক বার প্রমাণ করলেন বলিউডের ‘ড্রিম গার্ল’ হেমা মালিনী। ৭৭ বছর বয়সেও তাঁর নৃত্যশৈলীতে মুগ্ধ দর্শক।

অভিনয়ের পাশাপাশি শাস্ত্রীয় নৃত্যের প্রতি তাঁর অনুরাগ দীর্ঘ দিনের। সেই ভালোবাসারই প্রতিফলন দেখা গেল নবরাত্রির মঞ্চে। ১১ অক্টোবর তেলঙ্গানার ক্লাসিক কনভেনশন সেন্টারে নিজের জনপ্রিয় নৃত্যনাট্য ‘দুর্গা’ পরিবেশন করলেন বর্ষীয়ান অভিনেত্রী। তাঁর পরিবেশনার ছবি ও ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই প্রশংসায় পঞ্চমুখ অনুরাগীরা।

আগরওয়াল সমাজ, তেলঙ্গানার উদ্যোগে আয়োজিত ‘আগ্রা ডান্ডিয়া নবরাত্রি সেলিব্রেশন’-এ অংশ নিয়েছিলেন হেমা। নবরাত্রির প্রথম দিনের এই অনুষ্ঠান মহারাজা অগ্রসেন জয়ন্তী উপলক্ষেও আয়োজিত হয়েছিল। ভরতনাট্যমের মুদ্রা, সংগীত এবং মঞ্চসজ্জার মেলবন্ধনে দেবী দুর্গার মাহাত্ম্য তুলে ধরেন তিনি। পৌরাণিক কাহিনির মাধ্যমে নারীশক্তি ও দেবীশক্তির উদ্‌যাপনই এই নৃত্যনাট্যের মূল আকর্ষণ।

অনুষ্ঠানের পর সমাজমাধ্যমে কয়েকটি ছবি শেয়ার করে নিজের অনুভূতির কথা জানিয়েছেন হেমা। লিখেছেন, নবরাত্রির প্রথম দিনে তাঁর সবচেয়ে জনপ্রিয় নৃত্যনাট্য ‘দুর্গা’ পরিবেশনের সুযোগ পেয়ে তিনি আপ্লুত। সকলকে নবরাত্রি ও দুর্গাপুজোর শুভেচ্ছাও জানিয়েছেন অভিনেত্রী।

হিন্দি ছবির পর্দায় ‘বসন্তী’ হিসাবে বিপুল জনপ্রিয়তা পেয়েছেন হেমা। অভিনয়ের পাশাপাশি শাস্ত্রীয় নৃত্যেও তাঁর দীর্ঘ দিনের সাধনা অনুরাগীদের কাছে বিশেষ পরিচিত। জনজীবনেও সক্রিয় এই অভিনেত্রীর কাছে নাচ কেবল মঞ্চে পরিবেশনা নয়, বরং গভীর অনুরাগ ও নিষ্ঠার জায়গা। নবরাত্রির আবহে ‘দুর্গা’ রূপে নৃত্য পরিবেশন করে আরও এক বার বুঝিয়ে দিলেন, বয়স বাড়লেও নাচের প্রতি তাঁর ভালোবাসা একটুও ফিকে হয়নি।