শব্দদূষণ নিয়ে কড়া পদক্ষেপের আর্জি। রাজ্যে ডি-জে বাজানো পুরোপুরি বন্ধ করা হোক—এই দাবিতেই কলকাতা হাইকোর্টে মামলা। সোমবার বিচারপতি সুজয় পাল ও বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চে মামলার শুনানি হয়।

ষষ্ঠী চট্টোপাধ্যায়, নিজস্ব প্রতিনিধিঃ- মামলাকারীর আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য ও রাতুল সরকার অভিযোগ জানান, ‘‘রাজ্য জুড়ে নির্বিচারে ডি-জে বাজানো হচ্ছে। শব্দের মাত্রা ১২০ থেকে ১৩০ ডেসিবেল। অথচ আইনে সর্বোচ্চ সীমা ৬৫ ডেসিবেল। বৃদ্ধ থেকে শুরু করে ছাত্রছাত্রী— সকলে এর ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।’’ তাঁদের বক্তব্য, কাগজে কলমে নিয়ম থাকলেও বাস্তবে প্রশাসন কোনও পদক্ষেপ করছে না। আদালতের কাছে তাঁদের দাবি, ডি-জে সম্পূর্ণ নিষিদ্ধ হোক বা বাজালে আইনমাফিক শব্দমাত্রা মানতে বাধ্য করা হোক।

রাজ্য সরকার ও রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের পক্ষ থেকে অবশ্য হলফনামা দিয়ে জানানো হয়েছে, শব্দদূষণ রুখতে পদক্ষেপ করা হচ্ছে। ডিভিশন বেঞ্চ জানায়, সুপ্রিম কোর্ট ডি-জে ও শব্দদূষণ নিয়ে কী নির্দেশ দিয়েছে, তা আগামী শুনানিতে আদালতকে জানাতে হবে। মামলার পরবর্তী শুনানি নির্ধারিত হয়েছে আগামী ১৯ সেপ্টেম্বর।