পদত্যাগ করলেন আইএফএ সভাপতি

আইএফএ অনুমোদিত সকল সংস্থার সদস্যদের উদ্দেশে লেখা পদত্যাগ পত্র আইএফএ সচিবের কাছে পাঠান অজিত বন্দ্যোপাধ্যায়।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক : পদত্যাগ করলেন আইএফএ সভাপতি অজিত বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার আইএফএ অনুমোদিত সকল সংস্থার সদস্যদের উদ্দেশে লেখা পদত্যাগ পত্র আইএফএ সচিবের কাছে পাঠান। যেখানে তিনি সেই ষাটের দশক থেকে কালীঘাট মিলন সংঘের সাধারণ সদস্য হিসেবে ময়দানে প্রবেশের পর থেকে আইএফএর সভাপতি রূপে দীর্ঘ কয়েক দশক ফুটবলের সেবা করতে পারা কে জীবনের অন্যতম শ্রেষ্ঠ প্রাপ্তি বলে উল্লেখ করেছেন।
সভাপতি হিসেবে নিজের সামর্থ্য অনুযায়ী আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের চেষ্টা করেছেন বলে জানিয়েছেন।
কিন্তু তিনি জানিয়েছেন, বর্তমানে তিনি যে বয়সে পৌঁছেছেন, তাতে কিছু দিনের মধ্যেই তিনি এই পদে থাকার অযোগ্য হয়ে পড়বেন। সেই সময় পর্যন্ত অপেক্ষা না করে এই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত বলে জানিয়েছেন। তাঁর বিশ্বাস, আগামী প্রজন্মের প্রশাসকরা ফুটবলকে এগিয়ে নিয়ে যাবেন।
যদিও বর্তমানে চলা কলকাতা ফুটবল লিগ সুষ্ঠুভাবে চলার জন্য তিনি এতদিন অপেক্ষা করছিলেন বলে জানিয়েছেন।
পদত্যাগ পত্রের শেষ ছত্রে তিনি জানিয়েছেন, পদ থেকে সরে দাঁড়ালেও ফুটবলের প্রতি ভালোবাসা অক্ষুন্ন থেকে যাবে। আইএফ তাঁর কাছে পরিবারের মতো। এবং তিনি আইএফএর শুভাকাঙ্ক্ষী হয়ে থাকবেন।