বিশ্বমঞ্চে ভারতের জয়জয়কার!গল্ফে ব্রোঞ্জ জিতল দেবব্রত

মরক্কোয় আয়োজিত বিশ্ব স্কুল গল্ফ চ্যাম্পিয়নশিপে নজর কাড়ল ভারতের খুদে খেলোয়াড়রা। আন্তর্জাতিক স্কুল স্পোর্টস অর্গানাইজেশন (ISSO)-এর হয়ে প্রতিযোগিতায় নেমে অনূর্ধ্ব-১৫ বিভাগে ব্রোঞ্জ পদক জিতেছে ভারতের দেবব্রত। পাশাপাশি, দলগত বিভাগেও পঞ্চম স্থান অর্জন করেছে ভারতীয় দল।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক

গত ২ থেকে ৮ নভেম্বর মরক্কোর তাগাজাউট-আগাদিরে অনুষ্ঠিত হয় ISF ওয়ার্ল্ড স্কুল গল্ফ চ্যাম্পিয়নশিপ ২০২৬। বিশ্বের ১৯টি দল এই প্রতিযোগিতায় অংশ নেয়। ভারতের হয়ে মোট ছয়জন পড়ুয়া-গল্ফার প্রতিদ্বন্দ্বিতা করে। বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীদের সঙ্গে লড়াই করে দলগত বিভাগে পঞ্চম স্থান দখল করে তারা।

তবে দেবব্রতের ব্রোঞ্জ জয় ছিল বিশেষভাবে উল্লেখযোগ্য। প্রতিযোগিতার সময় আবহাওয়া মোটেই অনুকূল ছিল না। প্রবল হাওয়া এবং একটানা বৃষ্টির কারণে গল্ফ কোর্সে খেলা যথেষ্ট কঠিন হয়ে উঠেছিল। এমন পরিস্থিতিতেও নিজের দক্ষতা ও মানসিক দৃঢ়তার পরিচয় দেয় দেবব্রত। প্রথম নয়টি হোলে তিন শট কমে খেলে দুর্দান্ত পারফরম্যান্স করে পডিয়ামে জায়গা করে নেয় সে। অন্যদিকে, দলগত বিভাগে ভারতের পঞ্চম স্থান অর্জনও যথেষ্ট গুরুত্বপূর্ণ। বিশ্বের ১৮টি দলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে আন্তর্জাতিক স্তরে নিজেদের দক্ষতা তুলে ধরার সুযোগ পেয়েছে ভারতীয় পড়ুয়ারা।

ISSO-র ডিরেক্টর আকাঙ্ক্ষা থাপাক বলেন, দেবব্রতের ব্রোঞ্জ জয় গোটা সংস্থা এবং ভারতীয় স্কুল ক্রীড়াজগতের কাছে গর্বের মুহূর্ত। তরুণ খেলোয়াড়দের আন্তর্জাতিক মঞ্চে খেলার সুযোগ করে দেওয়াই তাঁদের অন্যতম লক্ষ্য। এই ধরনের প্রতিযোগিতা পড়ুয়াদের আত্মবিশ্বাস বাড়ায়, দক্ষতা উন্নত করে এবং ভবিষ্যতে আরও বড় চ্যালেঞ্জের জন্য প্রস্তুত হতে সাহায্য করে। ভারতীয় দলের প্রত্যেক সদস্যকেই তাঁদের পারফরম্যান্সের জন্য অভিনন্দন জানিয়েছেন তিনি।

উল্লেখ্য, স্কুলপড়ুয়া খেলোয়াড়দের আন্তর্জাতিক স্তরে প্রতিযোগিতার সুযোগ করে দিতে নিয়মিত কাজ করে ISSO। এই ধরনের প্রতিযোগিতার মাধ্যমে পড়ুয়ারা বিশ্বের বিভিন্ন দেশের খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হওয়ার পাশাপাশি নিজেদের দক্ষতা ও আত্মবিশ্বাস বাড়ানোর সুযোগ পায়। ভবিষ্যতে ক্রীড়াক্ষেত্রে আরও ভালো ফল করার জন্য এই অভিজ্ঞতা তাদের সাহায্য করবে।