স্লো ওভার রেটের ‘শাস্তি’!

নিউ চণ্ডীগড়ে তৃতীয় ও শেষ এক দিনের ম্যাচে ধীর গতিতে ওভার শেষ করার জন্য জরিমানা হল ভারত এবং ওয়েস্ট ইন্ডিজের।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)-এর নিয়ম অনুযায়ী, ভারতের ম্যাচ ফি-র ২০ শতাংশ এবং ওয়েস্ট ইন্ডিজের ১০ শতাংশ কেটে নেওয়া হয়েছে।

আইসিসি জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে ভারত চার ওভার এবং ওয়েস্ট ইন্ডিজ দু’ওভার কম করেছিল। সময়ের ছাড়ের হিসাব করার পরেই দুই দলের বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। আইসিসি ইন্টারন্যাশনাল প্যানেল অফ ম্যাচ রেফারিজ়ের সদস্য প্রকাশ ভট্ট দুই দলের বিরুদ্ধে জরিমানা আরোপ করেন।

ভারতীয় অধিনায়ক এবং ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক—দু’জনেই নিজেদের অপরাধ স্বীকার করে প্রস্তাবিত শাস্তি মেনে নিয়েছেন। ফলে এই ঘটনায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। মাঠের আম্পায়ার জয়রামন মদনগোপাল এবং স্যাম নোগাজস্কি, তৃতীয় আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শাহিদ এবং চতুর্থ আম্পায়ার বীরেন্দ্র শর্মা ধীর ওভার রেটের অভিযোগ আনেন।

তবে সিরিজের শেষ ম্যাচে জরিমানার মধ্যেও ওয়েস্ট ইন্ডিজ ইতিহাস গড়েছে। প্রথম দুই ম্যাচ হেরে সিরিজ ০-২ পিছিয়ে থাকলেও তৃতীয় ওয়ানডেতে শাই হোপের অপরাজিত ১৬২ রানের দুরন্ত ইনিংসে ৩৫২ রান তাড়া করে জেতে তারা। পুরুষদের ওয়ানডেতে এই সর্বোচ্চ সফল রান তাড়া করল ওয়েস্ট ইন্ডিজ।

এ বার দুই দলই নজর দেবে টি-টোয়েন্টি সিরিজে। পাঁচ ম্যাচের সিরিজ শুরু হচ্ছে ৬ অক্টোবর থেকে।