চলতি BWF বিশ্ব জুনিয়র ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ ব্রোঞ্জ পদক জিতলেন ভারতের জাগশের সিং খাঙ্গুরা। শুক্রবার ছেলেদের সিঙ্গলসের সেমিফাইনালে ইন্দোনেশিয়ার রাধিত্য বায়ু ওয়ার্ধানার কাছে পরাজিত হওয়ার পর ব্রোঞ্জ পদক নিশ্চিত হয় তাঁর।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক
প্রথম গেমে হারের পর দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে ম্যাচে সমতা ফেরান খাঙ্গুরা। ফলে ম্যাচ গড়ায় নির্ণায়ক তৃতীয় গেমে। তবে শেষ পর্যন্ত ভারতীয় খেলোয়াড়ের বিরুদ্ধে ইন্দোনেশিয়ার প্রতিপক্ষের আক্রমণাত্মক খেলা বড় বাধা হয়ে দাঁড়ায়। ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া (BAI)-এর এক বিবৃতি অনুযায়ী, ৪৯ মিনিটের লড়াইয়ে ৬-১৫, ১৫-১৩, ৩-১৫ ব্যবধানে পরাজিত হন খাঙ্গুরা।
এই পদক জয়ের ফলে বিশ্ব জুনিয়র ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের ব্যক্তিগত বিভাগে ভারতের ব্রোঞ্জ পদকের সংখ্যা বেড়ে দাঁড়াল সাত। সব মিলিয়ে ভারতের মোট পদক সংখ্যা ১৩, যার মধ্যে রয়েছে একটি সোনা, পাঁচটি রুপো এবং সাতটি ব্রোঞ্জ।এর আগে বৃহস্পতিবার, চিনা তাইপের ইউয়ান-সিউয়ে ঝুয়াংকে হারিয়ে ছেলেদের সিঙ্গলসের সেমিফাইনালে পৌঁছে পদক নিশ্চিত করেছিলেন খাঙ্গুরা। সেখানেও প্রথম গেমে পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তন করেন তিনি। ৪৮ মিনিটের লড়াইয়ে ৬-১৫, ১৭-১৫, ১৫-১২ ব্যবধানে ঝুয়াংকে পরাজিত করেন পঞ্জাবের নাভা শহরের এই শাটলার। এর ফলে ভারতের নবম ছেলেদের সিঙ্গলস খেলোয়াড় হিসেবে বিশ্ব জুনিয়র ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের ব্যক্তিগত বিভাগে পদক জয়ের কৃতিত্ব অর্জন করেন তিনি।