২৬/১১-র শহিদদের স্মরণে মুম্বইয়ে ইজরায়েলের কনসাল জেনারেল

২০০৮ সালের ২৬ নভেম্বর মুম্বইয়ে ভয়াবহ জঙ্গি হামলার ১৮ বছর পূর্তিতে নিহতদের প্রতি শ্রদ্ধা জানালেন ভারতে নিযুক্ত ইজরায়েলের কনসাল জেনারেল ইয়ানিভ রেভাচ। বৃহস্পতিবার মুম্বইয়ের তাজমহল প্যালেস হোটেলে অবস্থিত ২৬/১১ স্মৃতিসৌধে গিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। ওই হামলায় প্রাণ হারানো সাধারণ মানুষদের স্মরণ করার পাশাপাশি নিরাপত্তাকর্মীদের সাহসিকতার প্রতিও শ্রদ্ধা জানান।

আরপ্লাস নিউজ দিজিতাল ডেস্ক

এরপর হামলায় জঙ্গিদের ধরতে গিয়ে প্রাণ দেওয়া মুম্বই পুলিশের সহকারী সাব-ইনস্পেক্টর তুকারাম ওম্বলের স্মৃতিসৌধেও শ্রদ্ধা জানান রেভাচ। পরে কোলাবার বিখ্যাত লিওপোল্ড ক্যাফেতে যান তিনি। ২০০৮ সালের ২৬ নভেম্বরের হামলায় এই ক্যাফেও জঙ্গিদের অন্যতম নিশানা ছিল। সেখানে গিয়ে ক্যাফের কর্মীদের সঙ্গে কথাও বলেন ইজরায়েলের কনসাল জেনারেল। মুম্বইয়ের অন্যতম পুরনো এবং জনপ্রিয় খাবারের জায়গা লিওপোল্ড ক্যাফে। স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি বহু বিদেশি পর্যটকেরও যাতায়াত রয়েছে সেখানে। ২৬/১১ হামলার দিন প্রথম দিকেই এই ক্যাফেতে আক্রমণ চালিয়েছিল জঙ্গিরা। সেই হামলার স্মৃতি আজও বহন করছে ক্যাফের দেওয়ালে থাকা গুলির চিহ্ন।

উল্লেখ্য, ২৬/১১ হামলার সময় পাকিস্তানি জঙ্গি মহম্মদ আজমল আমির কসাবকে জীবিত ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন তুকারাম ওম্বলে। মুম্বই পুলিশের এই আধিকারিক গিরগাঁও চৌপাট্টিতে কসাবকে আটকাতে গিয়ে নিজের জীবনের ঝুঁকি নিয়েছিলেন। তাঁর হাতে কোনও অস্ত্র ছিল না। অন্যদিকে, কসাব ছিল অত্যাধুনিক আগ্নেয়াস্ত্রে সজ্জিত। তা সত্ত্বেও কসাবের বন্দুকের নল শক্ত করে ধরে ফেলেন ওম্বলে। সেই সুযোগে অন্য পুলিশকর্মীরা কসাবকে ধরে ফেলেন। কিন্তু এই লড়াইয়ে একাধিক গুলির আঘাত লাগে ওম্বলের শরীরে। শেষ পর্যন্ত কর্তব্যরত অবস্থাতেই মৃত্যু হয় তাঁর।

তাঁর অসামান্য সাহসিকতা ও আত্মত্যাগের স্বীকৃতি হিসেবে ২০০৯ সালের ২৬ জানুয়ারি মরণোত্তর অশোক চক্র সম্মানে ভূষিত করা হয় তাঁকে। দেশের সর্বোচ্চ শান্তিকালীন বীরত্বের পুরস্কার হল এই অশোক চক্র। এ বছর ২৬/১১ মুম্বই হামলার ১৮ বছর পূর্ণ হয়েছে। ২০০৮ সালের ওই হামলায় প্রাণ হারিয়েছিলেন ১৬৬ জন। আহত হয়েছিলেন প্রায় ৩০০ জন। এই উপলক্ষে ভারত-সহ বিশ্বের বিভিন্ন দেশ হামলায় নিহতদের স্মরণ করছে।

এর আগে ইজরায়েলে অবস্থিত ভারতীয় দূতাবাসের তরফেও হামলায় নিহত সাধারণ মানুষ এবং শহিদ নিরাপত্তাকর্মীদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছিল। এক্স-এ একটি পোস্টে দূতাবাসের তরফে লেখা হয়, “২৬/১১-কে স্মরণ করছি, সাহসিকতাকে কুর্নিশ জানাই। মুম্বইয়ের ভয়াবহ জঙ্গি হামলায় প্রাণ হারানো নিরীহ মানুষদের আজ আমরা স্মরণ করছি। কর্তব্য পালন করতে গিয়ে যেসব সাহসী নিরাপত্তাকর্মী নিজেদের জীবন উৎসর্গ করেছেন, তাঁদেরও শ্রদ্ধা জানাই।” পোস্টে আরও বলা হয়, সব ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারত দৃঢ়প্রতিজ্ঞ। শান্তি, নিরাপত্তা এবং সম্প্রীতি বজায় রাখার প্রতিশ্রুতিতেও অনড় দেশ।

ফ্রান্সে অবস্থিত ভারতীয় দূতাবাসের তরফেও ২৬/১১ হামলায় নিহতদের স্মরণ করা হয়েছে। ওই হামলায় দুই ফরাসি নাগরিকেরও মৃত্যু হয়েছিল। চলতি বছরের শুরুতে ভারত সফরে এসে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁ এবং তাঁর স্ত্রী ব্রিজিত মাক্রোঁ মুম্বইয়ের তাজমহল প্যালেস হোটেলে অবস্থিত ২৬/১১ স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছিলেন। সেই ঘটনার কথাও তুলে ধরেছে ফ্রান্সের ভারতীয় দূতাবাস। উল্লেখ্য, ২০০৮ সালের ২৬ নভেম্বর রাতে পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গি সংগঠন লশকর-ই-তইবার ১০ জন জঙ্গি সমুদ্রপথে মুম্বইয়ে ঢুকে হামলা চালায়। টানা চার দিন ধরে শহরের একাধিক গুরুত্বপূর্ণ জায়গায় তাণ্ডব চালায় তারা। এই হামলায় গোটা দেশ তথা বিশ্বজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল।

জঙ্গিদের নিশানায় ছিল তাজ ও ওবেরয় হোটেল, ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস, নারিম্যান হাউসের ইহুদি কেন্দ্র, কামা হাসপাতাল, মেট্রো সিনেমা এবং লিওপোল্ড ক্যাফে। বিদেশি পর্যটক এবং মুম্বইয়ের বহু কর্মব্যস্ত মানুষের যাতায়াতের কথা মাথায় রেখেই এই জায়গাগুলিকে বেছে নেওয়া হয়েছিল বলে জানা যায়। চার দিনের হামলায় ২৩টি দেশের ২৬ জন নাগরিক-সহ মোট ১৬৬ জন প্রাণ হারান। নিহতদের মধ্যে ১৪০ জন ছিলেন ভারতীয় নাগরিক। হামলা প্রতিরোধ করতে গিয়ে শহিদ হন ভারতীয় পুলিশবাহিনীর ১৮ জন সদস্য এবং তাজ হোটেলের ১২ জন কর্মী-সহ একাধিক নিরাপত্তাকর্মী।

প্রায় ১৮ বছর পেরিয়ে গেলেও সেই ভয়াবহ হামলার স্মৃতি আজও মুছে যায়নি। লিওপোল্ড ক্যাফে এবং নারিম্যান হাউসের দেওয়ালে গুলির চিহ্ন এখনও সেই রাতের ভয়াবহতার কথা মনে করিয়ে দেয়। তুকারাম ওম্বলের স্মৃতিসৌধও তাঁর আত্মত্যাগের সাক্ষী হয়ে রয়েছে। হামলায় অংশ নেওয়া ১০ জন জঙ্গির মধ্যে ৯ জন নিরাপত্তাবাহিনীর গুলিতে নিহত হয়। একমাত্র জীবিত ধরা পড়ে আজমল কসাব। ২০১০ সালের মে মাসে আদালত তাকে মৃত্যুদণ্ডের সাজা শোনায়। এর দু’বছর পর পুনের একটি কড়া নিরাপত্তায় ঘেরা জেলে তার ফাঁসি কার্যকর করা হয়।