ক্যুরিয়র সংস্থার দুই কর্মীর বিরুদ্ধে এফআইআর!

সিএবির নির্বাচন সংক্রান্ত নথি পাঠানো নিয়ে ক্যুরিয়র সংস্থার দুই কর্মীর বিরুদ্ধে এফআইআর!

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক : সিএবির আসন্ন নির্বাচন ও ২৪ সেপ্টেম্বরের AGM-কে ঘিরে নথি পাঠানো নিয়ে শুরু হয়েছে বিতর্ক। অভিযোগ, নির্বাচন সংক্রান্ত ফর্ম পাঠানোর ক্ষেত্রে সিএবির এক শ্রেণীর কর্মকর্তার সঙ্গে যোগসাজশ করে একটি বেসরকারি ক্যুরিয়র সংস্থা অনিয়ম করেছে।

AGM-এ অংশগ্রহণের জন্য অ্যাফিলিয়েটেড ইউনিটগুলির প্রতিনিধিদের কাছে DTC নামে একটি ক্যুরিয়র সংস্থার মাধ্যমে ফর্ম পাঠানো হচ্ছিল। কিন্তু অভিযোগ উঠেছে, কিছু ক্লাবের ঠিকানায় নথি না গিয়ে ব্যক্তিগত ঠিকানায় চিঠি পৌঁছেছে। এই ঘটনা ঘিরেই তৈরি হয়েছে ব্যাপক চাঞ্চল্য।

এই বিষয়ে আগেই ময়দান থানায় অভিযোগ দায়ের করা হয়েছিল। মঙ্গলবার ঘটনার তদন্তে সিএবি দফতরে পৌঁছয় ময়দান থানার পুলিশ। পাশাপাশি ময়দানের বিভিন্ন ক্লাবের কর্মকর্তাদের সঙ্গেও কথা বলেন তদন্তকারীরা।

ইতিমধ্যেই ক্যুরিয়র সংস্থার দুই কর্মীর বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। এখন তদন্তে উঠে আসে কী তথ্য, সেদিকেই নজর ক্রিকেটমহলের।