রামায়ণের কাহিনি বিকৃত করে সিনেমায় দেখানো হয়েছে! এমনই অভিযোগ তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন এক ব্যক্তি। কিন্তু শুক্রবার সেই মামলায় জরুরি ভিত্তিতে শুনানির আবেদন খারিজ করে দিল শীর্ষ আদালত। প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চ জানিয়ে দেয়, সিনেমাটি ইতিমধ্যেই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। তাই এই মুহূর্তে আদালতের জরুরি হস্তক্ষেপের কোনও প্রয়োজন নেই।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক
আবেদনকারীর আইনজীবী দ্রুত শুনানির আর্জি জানিয়ে অভিযোগ করেন, সিনেমায় রামায়ণের একাধিক ঘটনা ভুলভাবে তুলে ধরা হয়েছে। এর ফলে নতুন প্রজন্মের মধ্যে মহাকাব্যটি সম্পর্কে ভুল ধারণা তৈরি হতে পারে।তবে আইনজীবীর এই যুক্তিতে বিশেষ গুরুত্ব দেয়নি বিচারপতিদের বেঞ্চ। প্রধান বিচারপতি সূর্য কান্ত বলেন, সিনেমাটি ইতিমধ্যেই মুক্তি পেয়েছে। যাঁরা দেখতে চেয়েছেন, তাঁরা ইতিমধ্যেই দেখে ফেলেছেন। তাই এখনই আদালতের হস্তক্ষেপের প্রয়োজন নেই।
শুধু তাই নয়, নির্মাতাদের নিজস্ব দৃষ্টিভঙ্গি থেকে কোনও মহাকাব্যকে সিনেমার মাধ্যমে তুলে ধরার অধিকার রয়েছে বলেও জানায় আদালত। প্রধান বিচারপতির মন্তব্য, নির্মাতারা তাঁদের বোঝাপড়া অনুযায়ী সিনেমা তৈরি করেছেন। কারও যদি সেই ব্যাখ্যার সঙ্গে মতের অমিল থাকে, তাহলে তিনি নিজের দৃষ্টিভঙ্গি নিয়ে পাল্টা সিনেমা তৈরি করতে পারেন। এই বিষয় নিয়ে আদালতের সময় নষ্ট করা উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি।এরপরই সিনেমাটির বিরুদ্ধে করা আবেদনের দ্রুত শুনানির আর্জি খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট।উল্লেখ্য, নীতেশ তিওয়ারির পরিচালনায় এবং নমিত মালহোত্রার প্রযোজনায় তৈরি হয়েছে ‘রামায়ণ পার্ট ১’। প্রাচীন ভারতীয় মহাকাব্য রামায়ণ অবলম্বনে তৈরি দু’টি সিনেমার মধ্যে এটিই প্রথম পর্ব।
সিনেমায় ভগবান রামের চরিত্রে অভিনয় করেছেন রণবীর কাপুর। সীতার ভূমিকায় রয়েছেন সাই পল্লবী। রাবণের চরিত্রে দেখা যাবে যশকে। লক্ষ্মণের ভূমিকায় রবি দুবে এবং হনুমানের চরিত্রে রয়েছেন সানি দেওল।এছাড়াও জটায়ুর চরিত্রে কণ্ঠ দিয়েছেন অনুপম খের। রাবণের হাত থেকে সীতাকে বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এই চরিত্রের। সিনেমায় অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অরুণ গোভিল, লারা দত্ত এবং রাকুল প্রীত সিং।