রাউলকে টপকে চ্যাম্পিয়ন্স লিগে পঞ্চম এমবাপে!

চ্যাম্পিয়ন্স লিগে নতুন মাইলফলক কিলিয়ান এমবাপের। রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা টপকে গেলেন ক্লাবের প্রাক্তন কিংবদন্তি রাউল গঞ্জালেসকে। ইউরোপের সেরা ক্লাব প্রতিযোগিতায় গোলের নিরিখে সর্বকালের সেরা পাঁচে জায়গা করে নিলেন ২৭ বছরের এমবাপে। অন্য দিকে, রোমের বিরুদ্ধে ১-৩ গোলে পিছিয়ে পড়েও ৪-৩ ব্যবধানে জিতে প্রত্যাবর্তনের নজির গড়ল ১৫ বারের চ্যাম্পিয়ন রিয়াল।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক

এই ম্যাচে গোল করে চ্যাম্পিয়ন্স লিগে এমবাপের মোট গোলসংখ্যা দাঁড়াল ৭১। এত দিন রাউলের সঙ্গে একই জায়গায় ছিলেন তিনি। এ বার তাঁকে পিছনে ফেলে পঞ্চম স্থানে উঠে এলেন ফরাসি স্ট্রাইকার। তাঁর সামনে রয়েছেন করিম বেঞ্জেমা (৭২), রবার্ট লেয়নডস্কি (৯০), লিয়োনেল মেসি (১০৭) এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (১৪০)।

রোমের স্টাডিও অলিম্পিকোয় ম্যাচের শুরু থেকেই লড়াই জমে ওঠে। ২০ মিনিটে ডিফ্লেকশনের সৌজন্যে এগিয়ে যায় রোম। পাঁচ মিনিটের মধ্যেই বক্সের বাইরে থেকে শটে গোল করে সমতা ফেরান এমবাপে। বিরতির আগে আর গোল হয়নি।

দ্বিতীয়ার্ধে অবশ্য ঝড় তোলে রোম। ৫১ মিনিটে ডোনিয়েল মালেনের গোলে এগিয়ে যায় তারা। সাত মিনিট পর ফের গোল করে ব্যবধান বাড়ান মালেন। ৩-১ গোলে পিছিয়ে পড়ে চাপে পড়ে যায় রিয়াল।

কিন্তু শেষ দিকে ছবিটা বদলে যায়। ৮৩ মিনিটে এন্দ্রিকের হেড থেকে ফিরে আসা বলে গোল করে ব্যবধান কমান সেজার পালাসিয়োস এসপি। দু’মিনিট পর আর্দা গুলেরের কর্নার থেকে হেডে গোল করে সমতা ফেরান এন্দ্রিক। নাটকের তখনও বাকি। ৮৯ মিনিটে গুলেরের আরও একটি কর্নার থেকে দুরন্ত ফিনিশে রিয়ালের জয় নিশ্চিত করেন আন্তোনিয়ো রুডিগার।

এক দিকে এমবাপের ব্যক্তিগত রেকর্ড, অন্য দিকে রিয়ালের অবিশ্বাস্য প্রত্যাবর্তন— রোমের ম্যাচে দুই প্রাপ্তি হল মাদ্রিদের।