মহমেডান স্পোর্টিংয়ে নতুন কমিটি

কিট স্পনসর হিসেবে লোটোর সঙ্গে গাঁটছড়া।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক : নিজেদের নতুন পথচলার রূপরেখা স্পষ্ট করল মহমেডান স্পোর্টিং। রবিবার কলকাতায় আয়োজিত সাংবাদিক বৈঠকে ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটির নাম ঘোষণা করা হয়। একই সঙ্গে আসন্ন ২০২৬-২৭ মরসুমের জন্য প্রকাশ্যে আনা হল দলের নতুন জার্সি। সেই সঙ্গে জানানো হয়, বিশ্বখ্যাত ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারী সংস্থা লটো এই মরসুমে মহমেডানের সরকারি কিট স্পনসর হিসেবে যুক্ত হচ্ছে।

সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন ক্লাবের নবনিযুক্ত সভাপতি হুমায়ুন কবীর এবং সাধারণ সম্পাদক শেখ ওয়াসিম আক্রম। নতুন কমিটির অন্যান্য সদস্যদেরও আনুষ্ঠানিক ভাবে পরিচয় করিয়ে দেওয়া হয়। সিনিয়র সহ-সভাপতি হয়েছেন কাজি মাসুম আখতার। সহ-সভাপতির দায়িত্বে রয়েছেন ড. অভিষেক সিং এবং সাজ্জাদ হোসেন মল্লিক। সহ-সাধারণ সম্পাদক গজল উজ জাফর। কোষাধ্যক্ষের দায়িত্ব সামলাবেন অবসরপ্রাপ্ত ডব্লিউবিসিএস আধিকারিক তথা কলকাতার প্রাক্তন কালেক্টর মহম্মদ সামিদউদ্দিন। ফুটবল সচিব করা হয়েছে বিলাল আহমেদ খানকে এবং ক্রিকেট সচিব দীপক কুমার সিংকে। উপদেষ্টা হিসেবে রয়েছেন ফিরদৌস শামিম ও মহম্মদ বজলুর ইসলাম।

নতুন কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, স্বচ্ছ প্রশাসন, পেশাদার ব্যবস্থাপনা এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে মহমেডানকে আবার দেশের অন্যতম সফল ক্লাব হিসেবে প্রতিষ্ঠিত করাই তাদের প্রধান লক্ষ্য। ফুটবল ও ক্রিকেট— দুই বিভাগেই পরিকাঠামো উন্নয়ন, প্রতিভা বিকাশ এবং প্রতিযোগিতামূলক দল গঠনের উপর বিশেষ জোর দেওয়া হবে বলেও জানানো হয়েছে।

এ দিনের অনুষ্ঠানে নতুন মরসুমের অফিসিয়াল জার্সিও প্রকাশ করা হয়। ক্লাব কর্তারা আশা করছেন, আন্তর্জাতিক মানের ব্র্যান্ড লোটোর সঙ্গে এই চুক্তি দলের পেশাদার পরিচিতিকে আরও শক্তিশালী করবে।

এদিকে, সোমবার সকাল ৮টায় ক্লাব মাঠে দলের অনুশীলন শুরু হয়। সংবাদমাধ্যমের প্রতিনিধিদের প্রথম ১৫ মিনিট অনুশীলন দেখার এবং ছবি ও ভিডিও সংগ্রহের অনুমতি দেওয়া হচ্ছে।