রোহিত ও যশবীর, কঠিন পরিস্থিতিতেও তিন ভারতীয়ের যোগ্যতা অর্জন।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক : ঝোড়ো হাওয়ার কারণে কঠিন হয়ে উঠেছিল জ্যাভলিন থ্রোয়ের যোগ্যতা অর্জন পর্ব। সেই প্রতিকূল পরিস্থিতিতেও কমনওয়েলথ গেমস ২০২৬-এর পুরুষদের জ্যাভলিন থ্রো ফাইনালে জায়গা নিশ্চিত করলেন ভারতের তিন অ্যাথলিট— নীরজ চোপড়া, রোহিত যাদব এবং যশবীর সিং।
সাধারণত বড় প্রতিযোগিতায় প্রথম থ্রোতেই ফাইনালের টিকিট নিশ্চিত করে ফেলেন অলিম্পিক চ্যাম্পিয়ন নীরজ। তবে এ দিন তাঁকে অপেক্ষা করতে হয় দ্বিতীয় প্রচেষ্টা পর্যন্ত। প্রথম থ্রোয়ে ৭৬.২৮ মিটার ছুড়েছিলেন তিনি। দ্বিতীয় প্রচেষ্টায় ৭৯.৬১ মিটার ছুড়ে যোগ্যতা অর্জন পর্বে পঞ্চম স্থানে উঠে আসেন। ফাইনাল নিশ্চিত হওয়ার পর তৃতীয় থ্রো আর নেননি তিনি।
রোহিত যাদবও ধারাবাহিক পারফরম্যান্সে ফাইনালের টিকিট পান। প্রথম প্রচেষ্টায় ৭৭.০৪ মিটার ছোড়ার পর দ্বিতীয় থ্রোয়ে ৭৮.৩৭ মিটার দূরত্ব অতিক্রম করেন। নবম স্থানে থেকে তিনি যোগ্যতা অর্জন করেন। অন্য দিকে যশবীর সিং প্রথমে ৭৩.৮৯ মিটার ছুড়লেও শেষ প্রচেষ্টায় ৭৮.৩৬ মিটার থ্রো করে দশম স্থানে উঠে ফাইনালে পৌঁছে যান।
যোগ্যতা অর্জন পর্বে শীর্ষে ছিলেন শ্রীলঙ্কার রুমেশ পাতিরাগে, তাঁর সেরা থ্রো ৮২.৮৪ মিটার। গ্রেনাডার অ্যান্ডারসন পিটার্স (৮১.২৯ মিটার) দ্বিতীয় এবং দক্ষিণ আফ্রিকার ডাউ স্মিট (৮০.৬৪ মিটার) তৃতীয় হন। পাকিস্তানের অলিম্পিক সোনাজয়ী আরশাদ নাদিম ৭৮.৬৩ মিটার ছুড়ে সপ্তম স্থানে থেকে ফাইনালে ওঠেন।
এ বার পদকের লড়াইয়ে ভারতের নজর থাকবে নীরজদের দিকেই।