টোকিয়ো অলিম্পিক্সে পদকজয়ী বক্সার মেরি কমের বিরুদ্ধে মানহানির অভিযোগ আনলেন তাঁর প্রাক্তন স্বামী কারং অনখোলে। দিল্লির সাকেত আদালতে এই অভিযোগ দায়ের করেছেন তিনি।
আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক

একটি টেলিভিশন সাক্ষাৎকারে মেরি কম তাঁর সম্পর্কে মিথ্যা, বিদ্বেষমূলক ও মানহানিকর মন্তব্য করেছেন বলে অভিযোগ কারংয়ের। তাঁর দাবি, ওই মন্তব্যের ফলে সমাজে তাঁর সম্মান ও ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। আগামী ১৯ নভেম্বর মামলাটির পরবর্তী শুনানি হওয়ার কথা।
গত ৬ অক্টোবর অভিযোগটি দায়ের করা হয়। বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট প্রথম শ্রেণির বিচারক শিবম গুপ্তের এজলাসে মামলাটি রয়েছে। প্রাথমিক শুনানির আগে অভিযোগকারীর সাক্ষ্যপ্রমাণ খতিয়ে দেখার কথা আদালতের। আইনজীবী আকাশ কৃষ্ণ এবং প্রগতি শর্মার মাধ্যমে আদালতের দ্বারস্থ হয়েছেন কারং।
অভিযোগে কারং জানিয়েছেন, ২০০৫ সালের ১২ মার্চ মেরি কমের সঙ্গে তাঁর বিয়ে হয়েছিল। বিয়ের পরে তাঁরা ফরিদাবাদে একসঙ্গে থাকতেন। ২০২৩ সালের ২০ ডিসেম্বর প্রথাগত রীতিতে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়।
কারংয়ের দাবি, বিয়ের আগে এবং দাম্পত্য জীবন চলাকালীন নিজের পেশাগত কেরিয়ার ও উচ্চাকাঙ্ক্ষা বিসর্জন দিয়ে তিনি মেরি কমের কেরিয়ার গড়ে তুলতে সাহায্য করেছিলেন। অথচ, মেরি কমের মন্তব্যে তাঁকে এমন এক ব্যক্তি হিসাবে তুলে ধরা হয়েছে, যাঁর নিজের কোনও কেরিয়ার নেই এবং যিনি কখনও উপার্জন করেননি।
অভিযোগ অনুযায়ী, ২০২৬ সালের ১১ জানুয়ারি একটি জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠানে অতিথি হিসাবে যোগ দিয়েছিলেন মেরি কম। সেখানে সরাসরি দর্শকদের সামনে এবং পরে সম্প্রচারের মাধ্যমে তিনি কারং সম্পর্কে একাধিক আপত্তিকর মন্তব্য করেন বলে দাবি অভিযোগকারীর।
কারংয়ের বক্তব্য, ওই অনুষ্ঠান দেখে সাধারণ দর্শকের মনে হতে পারে যে তিনি অসৎ, অবিশ্বস্ত, কর্মহীন, মদ্যপানে আসক্ত এবং আর্থিকভাবে মেরি কমের উপর নির্ভরশীল। এমনকি, তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা সরানো এবং সন্তানদের দায়িত্ব এড়িয়ে যাওয়ার অভিযোগও তাঁর বিরুদ্ধে করা হয়েছে বলে দাবি কারংয়ের।
ভারতীয় ন্যায় সংহিতার ৩৫৬ ধারার উল্লেখ করে কারংয়ের অভিযোগ, এই মন্তব্যগুলি তাঁর সামাজিক মর্যাদা এবং অভিভাবক হিসাবে ভাবমূর্তির ক্ষতি করেছে। তবে মামলাটি এখনও বিচারাধীন। অভিযোগগুলির সত্যতা আদালতে প্রমাণিত হয়নি।