বিহারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না প্রশান্ত কিশোর

“এনডিএ আর জিততে পারবে না। বিহারের মানুষ পরিবর্তন চায়”, কেন এমন মনে করছেন পিকে?

ঋক পুরকায়স্থ, সাংবাদিক: দোরগোড়ায় বিহারের বিধানসভা নির্বাচন। প্রার্থী পদ নিয়ে ইতিমধ্যেই বিতর্ক শুরু হয়েছে লালু প্রসাদ যাদবের দলে। তবে এবার বিহারের বিধানসভা নির্বাচনে লড়াই থেকে সরে গেলেন জন সুরজ পার্টির প্রধান পিকে বা প্রশান্ত কিশোর। তিনি সরাসরি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না। তার থেকে বেশি তিনি জোর দিচ্ছেন প্রার্থীদের জেতানোতেই। এটাই এখন তাঁর প্রধান কাজ। তবে প্রশান্ত কিশোরের ভবিষ্যৎবাণী অনুযায়ী এবারের বিহারে বিধানসভা নির্বাচনে এনডিএ পরাজিত হতে চলেছে।

বুধবার একটি সাক্ষাৎকারে ভোটকুশলী প্রশান্ত কিশোর বলেছেন, “প্রথমে এবারে নির্বাচনে আমাকে প্রার্থী হিসেবে দল নির্বাচন করলেও, পরবর্তী সময়ে ঠিক হয়েছে আমি প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করব না। দলের সিদ্ধান্ত অনুযায়ী, নির্বাচনী রণকৌশল সাজানোই আমার প্রধান কাজ। আমি যদি নির্বাচনে দাঁড়াই তাহলে দলের ক্ষতি হবে। আমি সেটা চাই না। তাই যেটা আমার কাজ আমি সেটাই করব।”

বিহারের বিধানসভা নির্বাচনে জন সুরজ পার্টির ফলাফল নিয়ে প্রশান্ত কিশোরকে প্রশ্ন করায় তিনি জানান, “ বিধানসভা নির্বাচনে দল ১৫০ টির কম আসন পেলে সেটি আমাদের জন্য পরাজয়। এমনকি ১২০ থেকে ১৩০ টি আসল পেলে সেটিও আমাদের কাছে পরাজয়। বিধানসভা নির্বাচনে আমরা ভালো ফলাফল করলে বিহারকে দেশের সেরা ১০ টি উন্নত রাজ্যের মধ্যে একটি বানাবো। আর যদি ভাল ফল না করতে পারি, আমরা তাহলে বুঝতে হবে মানুষের আমাদের প্রতি কোন আস্থা নেই। আমরা মানুষের আস্থা হারিয়েছি। আবার মানুষের আস্থা ফিরে পেতে গেলে, তৃণমূল স্তরে নেমে মানুষের সঙ্গে জনসংযোগ করতে হবে। পুনরায় আস্থা ফেরাতে হবে।”

প্রশান্ত কিশোর আরও বলেন, “দল ক্ষমতায় এলে বিধানসভা নির্বাচনের পরেই রাজ্যে নতুন আইন প্রণয়ন করা হবে। সেই আইনের অধীনে ১০০ জন দুর্নীতিগ্রস্ত নেতাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে। জন সুরজ ক্ষমতায় আসা মানে দুর্নীতিগ্রস্তদের খারাপ দিন শুরু হওয়া। রাজ্যে আর কোনও দুর্নীতি হবে না। রাজ্যের মানুষ শান্তিতে থাকবে। জেডিইউর ভবিষ্যৎ জানতে বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন নেই। বিহারে কোনভাবেই এনডিএ বা নীতিশ কুমার আর মুখ্যমন্ত্রী হবে না। বিহারের মানুষ পরিবর্তন চায়। তারা ভালোভাবে থাকতে চায়। আমাদের উপর তারা আস্থা রাখবে।”

আরও পড়ুন- https://rplus.in/bihar-polls-cracks-appear-in-nda-over-seat-sharing/