যশস্বীকে ব্রাত্য রাখায় ক্ষুব্ধ অশ্বিন, জাডেজার ওয়ানডে কেরিয়ার শেষ?

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজের দল ঘোষণা হতেই বিতর্ক ভারতীয় ক্রিকেটে। শুক্রবার রাতে প্রথম তিনটি এবং শেষ দু’টি ম্যাচের জন্য পৃথক দল ঘোষণা করেছে বিসিসিআই। কিন্তু দুই দলেই জায়গা হয়নি যশস্বী জয়সওয়াল ও রবীন্দ্র জাদেজার। জাতীয় দলের হয়ে ধারাবাহিক পারফরম্যান্স করেও যশস্বীর বাদ পড়া নিয়ে প্রশ্ন তুলেছেন প্রাক্তন ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। অন্য দিকে, জাদেজার অনুপস্থিতি থেকে জল্পনা, ২০২৭ সালের বিশ্বকাপের পরিকল্পনায় কি আর নেই অভিজ্ঞ অলরাউন্ডার?

নিজের ইউটিউব চ্যানেলে যশস্বীকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অশ্বিন। তাঁর মতে, এই সিদ্ধান্ত দুর্ভাগ্যজনক এবং হতাশার। বিশেষ করে শেষ দু’টি ওয়ানডেতে অধিনায়ক শুভমন গিলকে বিশ্রাম দেওয়া হলে যশস্বীর সুযোগ পাওয়া উচিত ছিল বলেই মনে করছেন তিনি।

অশ্বিনের কথায়, “এই সিদ্ধান্ত খুব দুর্ভাগ্যজনক এবং অন্যায়। শুভমন গিল যদি শেষ দু’ম্যাচ না খেলেন, তা হলে অবশ্যই তাঁর জায়গাটা যশস্বীর পাওয়া উচিত।” তাঁর আশঙ্কা, লাগাতার রান করার পরেও সুযোগ না পেলে যশস্বীর আত্মবিশ্বাসে প্রভাব পড়তে পারে। টেস্ট সিরিজের প্রস্তুতির কথা মাথায় রেখে যশস্বীকে বাদ দেওয়ার যুক্তিও মানতে নারাজ প্রাক্তন স্পিনার। বরং শেষ দু’টি ম্যাচে খেললে তাঁর ম্যাচ প্র্যাকটিস হত বলে মনে করেন অশ্বিন।

চর্চায় রয়েছেন জাদেজাও। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষ ওয়ানডের পর নিউজিল্যান্ড সিরিজেও দলে জায়গা হয়নি তাঁর। ফলে ২০২৭ সালের বিশ্বকাপে তাঁকে আর ভাবা হচ্ছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, স্পিনার অলরাউন্ডার হিসাবে অক্ষর প্যাটেল ও ওয়াশিংটন সুন্দরকে এগিয়ে রাখছেন নির্বাচকেরা। যদিও জাদেজার ওয়ানডে কেরিয়ার শেষ, এমন কোনও আনুষ্ঠানিক ঘোষণা করেনি বিসিসিআই।

প্রথম তিন ম্যাচে অধিনায়ক শুভমন গিল, সহ-অধিনায়ক শ্রেয়স আইয়ার। শেষ দু’টি ম্যাচে অধিনায়কত্ব করবেন শ্রেয়স। দুই দলেই রয়েছেন রোহিত শর্মা, বিরাট কোহলি, ঈশান কিষাণ, অক্ষর প্যাটেল, নীতীশকুমার রেড্ডি ও কুলদীপ যাদব। তবে যশস্বী ও জাদেজার অনুপস্থিতিই এখন নির্বাচকদের সিদ্ধান্ত নিয়ে বিতর্কের কেন্দ্রে।