প্রিন্স উইলিয়ামের আমন্ত্রণে লন্ডনে রাহানে, সঙ্গে সৌরভ গঙ্গোপাধ্যায়

ক্রিকেট ও পরিবেশ সংরক্ষণের বার্তাকে একসূত্রে বাঁধতে লন্ডনে এক বিশেষ অনুষ্ঠানে যোগ দিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় ও অজিঙ্ক রাহানে। দ্য রয়্যাল ফাউন্ডেশনের এক প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, এই অনুষ্ঠানে ক্রিকেট জগতের একাধিক কিংবদন্তি এবং রাজপরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক

প্রিন্স উইলিয়ামের আমন্ত্রণে সম্প্রতি দীর্ঘ ক্রিকেট কেরিয়ারে ইতি টানা রাহানে একটি প্রীতি টেনিস বল ক্রিকেট ম্যাচে অংশ নেন। আগামী মাসে মুম্বইয়ে অনুষ্ঠিত হতে চলেছে দ্য রয়্যাল ফাউন্ডেশনের উদ্যোগ ‘আর্থশট প্রাইজ’ পুরস্কার বিতরণী অনুষ্ঠান। তারই কাউন্টডাউন উপলক্ষে এই ম্যাচের আয়োজন করা হয়। বাকিংহাম প্যালেসের বাইরে দ্য মলে অনুষ্ঠিত হয় ম্যাচটি। রাজকীয় শোভাযাত্রার জন্য সাধারণত ব্যবহৃত এই গুরুত্বপূর্ণ সড়কে ক্রিকেটের এমন আয়োজন ছিল বিশেষ আকর্ষণ। ম্যাচে উপস্থিত ছিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়, ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্রায়ান লারা এবং ইংল্যান্ডের তারকা ক্রিকেটার জো রুট ও হ্যারি ব্রুক-সহ একাধিক ক্রিকেট ব্যক্তিত্ব।

অনুষ্ঠানে অংশ নেওয়ার অভিজ্ঞতা বুধবার লিঙ্কডইনে একটি পোস্টের মাধ্যমে ভাগ করে নেন রাহানে। তাঁর কথায়, টেনিস বলের এই ক্রিকেট ম্যাচ ছিল এক স্মরণীয় অভিজ্ঞতা। ভারত ও ব্রিটেনের মানুষের মধ্যে ক্রিকেটের প্রতি অভিন্ন ভালোবাসার পাশাপাশি, আগামী নভেম্বর মাসে মুম্বইয়ে অনুষ্ঠিত হতে চলা আর্থশট প্রাইজ অনুষ্ঠানের আগে পরিবেশ সংরক্ষণ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির বিষয়টিও উঠে আসে তাঁর বক্তব্যে। পৃথিবীকে রক্ষা করতে সকলের সম্মিলিত উদ্যোগের গুরুত্বের কথাও তুলে ধরেন তিনি। রাহানে লেখেন, “ক্রিকেট আমাকে বিশ্বের বিভিন্ন প্রান্তের অসাধারণ সব মাঠে খেলার সুযোগ করে দিয়েছে। কিন্তু লন্ডনের দ্য মলে, পিছনে বাকিংহাম প্যালেসকে রেখে টেনিস বল ক্রিকেট খেলার অভিজ্ঞতা দীর্ঘদিন আমার স্মৃতিতে থেকে যাবে।”

তিনি আরও লেখেন, “গতকালকের দিনটি ছিল ভারত ও ব্রিটেনের মধ্যে ক্রিকেটের প্রতি অভিন্ন ভালোবাসা উদযাপনের। তবে তার থেকেও গুরুত্বপূর্ণ ছিল, খেলার সীমানার বাইরেও যে বিষয়টি অত্যন্ত জরুরি, সেই বিষয়ে সচেতনতা ছড়িয়ে দেওয়া। প্রিন্স উইলিয়ামের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি ক্রিকেটের অসাধারণ সব বন্ধু ও কিংবদন্তি—দাদা, ব্রায়ান লারা, জো রুট, হ্যারি ব্রুক, ড্যানি এবং মাঠে আনন্দের পরিবেশ তৈরি করা প্রত্যেকের সঙ্গে দেখা করতে পেরে আমি সম্মানিত।”

তিনি আরও জানান, ক্রিকেটের ঐক্যের শক্তি, ইংল্যান্ড ও ভারতে খেলার স্মৃতি এবং ভবিষ্যতের প্রতি সকলের দায়িত্ব নিয়ে তাঁদের মধ্যে আলোচনা হয়েছে। রাহানে আরও বলেন, “আগামী নভেম্বর মাসে মুম্বইয়ে আর্থশট প্রাইজ অনুষ্ঠিত হতে চলেছে, যা নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হতে চলেছে। প্রকৃতি রক্ষা, নির্মল বায়ু, সমুদ্র সংরক্ষণ, বর্জ্য হ্রাস এবং জলবায়ু পরিবর্তনের মোকাবিলার মাধ্যমে পৃথিবীকে পুনরুদ্ধার ও সুরক্ষিত করতে হলে খেলাধুলার মতোই শৃঙ্খলা, সম্মিলিত প্রচেষ্টা এবং আন্তরিক উদ্যোগ প্রয়োজন।”

তিনি এই সকালটিকে একটি মহৎ উদ্দেশ্যে কাটানো স্মরণীয় সময় বলে উল্লেখ করেন এবং আগামী মাসে নিজের শহর মুম্বইয়ে আর্থশট প্রাইজকে স্বাগত জানানোর জন্য আগ্রহ প্রকাশ করেন। উল্লেখ্য, প্রিন্স উইলিয়াম ২০২০ সালে ‘আর্থশট প্রাইজ’ চালু করেন। পৃথিবীকে পুনরুদ্ধার ও রক্ষার লক্ষ্যে উদ্ভাবনী সমাধান খুঁজে বের করা, সেগুলিকে স্বীকৃতি দেওয়া এবং প্রয়োজনীয় সহায়তা প্রদান করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। ২০২৬ সালে এই পুরস্কারের ষষ্ঠ সংস্করণ প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে। আগামী ১৭ নভেম্বর ২০২৬ মুম্বইয়ে বসবে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আসর।