বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনাকে কেন্দ্র করে এ বার দিল্লি পুলিশের বিরুদ্ধে সরব হলেন ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র কর্মী অভিজিৎ দীপকে। গ্যাংস্টারদের প্রতি পুলিশের আচরণ এবং ছাত্র-আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ব্যবহারের তুলনা টেনে প্রশাসনের অগ্রাধিকার নিয়েই প্রশ্ন তুলেছেন তিনি। তাঁর অভিযোগ, অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করার বদলে প্রতিবাদী ছাত্র এবং সমাজকর্মীদের দমন করতেই বেশি তৎপর পুলিশ।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক
সোমবার সমাজমাধ্যমে একটি পোস্টে দিল্লি পুলিশের এক সাংবাদিক বৈঠকের ভিডিয়ো শেয়ার করেন দীপকে। ভিডিয়োয় পূর্ব দিল্লির ডেপুটি পুলিশ কমিশনার অভিষেক ধানিয়াকে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইকে ‘লরেন্স বিষ্ণোই সাহেব’ বলে সম্বোধন করতে শোনা যায়। সেই প্রসঙ্গেই দীপকের কটাক্ষ, “গ্যাংস্টারদের প্রতি দিল্লি পুলিশের কী অসীম সম্মান! ছাত্র এবং আন্দোলনকারীরা শুধুমাত্র প্রতিবাদ করছেন। তাঁদের প্রতিও যদি এই সৌজন্যের অন্তত ১০ শতাংশ দেখানো হত!”
অন্য একটি পোস্টে পুলিশের ভূমিকা নিয়ে আরও সরব হন তিনি। দীপকের বক্তব্য, ছাত্র এবং আন্দোলনকারীদের বিরুদ্ধে পদক্ষেপ করার পরিবর্তে প্রকৃত অপরাধীদের ধরার দিকে নজর দেওয়া উচিত পুলিশের। সরকার এবং পুলিশের অগ্রাধিকার সম্পূর্ণ ভুল পথে পরিচালিত হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
পুলিশ সূত্রে খবর, টাইগার একটি মাঠ থেকে গাড়িতে করে বেরোনোর সময় ভিড়ের মধ্যে থেকে তাঁর গাড়ি লক্ষ্য করে তিন থেকে চার রাউন্ড গুলি চালানো হয়। অভিনেতা অক্ষত থাকলেও ঘটনায় আহত হয়েছেন দু’জন। তাঁদের মধ্যে টাইগারের গাড়িচালক ফিরদৌসের বাঁ হাতে গুলি লেগেছে।
ঘটনায় ইতিমধ্যেই অজ্ঞাতপরিচয় তিন জনের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ১০৯(১) ও ৩(৫) ধারা এবং অস্ত্র আইনের ৩ ও ২৫ ধারায় এফআইআর দায়ের করেছে মুম্বই পুলিশ। তদন্তে নেমে ১৫টি দল গঠন করা হয়েছে।
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীস আশ্বাস দিয়েছেন, অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করা হবে। তাঁর কথায়, ভয়ের কোনও কারণ নেই। মুম্বই পুলিশ পেশাদার বাহিনী এবং অপরাধীদের গ্রেফতার না করা পর্যন্ত তারা থামবে না।