পরীক্ষায় স্বচ্ছতা আনতে নয়া উদ্যোগ সংসদের

উচ্চমাধ্যমিকে আরটিআই এর সংখ্যা কমাতে এবার নয়া উদ্যোগ। চলতি বছর থেকে পরীক্ষার্থীদের উচ্চমাধ্যমিক অর্থাৎ দ্বাদশ শ্রেণীর পরীক্ষা দিতে হবে দুটি ধাপে। তৃতীয় ও চতুর্থ সেমেস্টার হবে দ্বাদশ শ্রেণীতে। পরীক্ষায় স্বচ্ছতা আনতে এবার ওয়েবসাইটে আপলোড করা হবে তৃতীয় সেমেস্টারের প্রশ্নপত্র এবং ওএমআর শিটের কার্বন কপি। এমনকি দেওয়া হবে ‘আনসার কি’ ও।

নাজিয়া রহমান, নিজস্ব প্রতিনিধি- উচ্চ মাধ্যমিকের সিলেবাসে যেমন বদল এসেছে তেমনই হয়েছে পরীক্ষা পদ্ধতিতে বদল। একাদশ ও দ্বাদশ মিলিয়ে মোট চারটি সেমেস্টার দিতে হবে পরীক্ষার্থীদের। উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে তৃতীয় ও চতুর্থ সিমেস্টারে। পরীক্ষায় স্বচ্ছতা আনতে আরও এক নয়া উদ্যোগ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের। এবার ওয়েবসাইটে আপলোড করা হবে তৃতীয় সেমেস্টারের প্রশ্নপত্র এবং ওএমআর শিটের কার্বন কপি। এমনকি দেওয়া হবে ‘আনসার কি’ ও। মূলত আরটিআই -এর সংখ্যা কমাতে ও পরীক্ষায় স্বচ্ছতা আনতে এই সিদ্ধান্ত সংসদের।

চলতি বছর থেকে উচ্চ মাধ্যমিকের পরীক্ষা তৃতীয় ও চতুর্থ এই দু’টি সেমেস্টারে ভাগ করা হয়েছে। তৃতীয় সেমেস্টার শুরু হবে ৮ সেপ্টেম্বর ২০২৫ থেকে। পরীক্ষা চলবে ২২ সেপ্টেম্বর পর্যন্ত। মোট ১২ দিন চলবে পরীক্ষা। এবার তৃতীয় সেমেস্টারের ফল হাতে পাওয়ার আগেই উত্তরপত্র হাতে পাবে পরীক্ষার্থীরা। সংসদের আধিকারিকের বক্তব্য , ফলপ্রকাশের আগেই ছাত্রছাত্রীদের তৃতীয় সেমেস্টারের সমস্ত ওএমআর শিট ওয়েবসাইটে আপলোড করে দেওয়া হবে। এমনকি ওয়েবসাইটেই উত্তরপত্র অর্থাৎ ‘আনসার কি’ও দেখতে পাবে পরীক্ষার্থীরা। সেগুলি ডাউনলোড ও প্রিন্টও করা যাবে বলে জানা গেছে।এই পদ্ধতিতে আরটিআই (রাইট টু ইনফরমেশন অ্যাক্ট)-এর সংখ্যা কমবে বলে আশা সংসদের।

চলতি বছরের জুন মাসে শিক্ষা সংসদের তরফ থেকে দু’টি প্রস্তাব আনা হয়— যার মধ্যে একটি, তৃতীয় সেমেস্টারে যে ওএমআর শিটে পরীক্ষা দেবে তার কার্বন কপি পড়ুয়াদের হাতে তুলে দেওয়া হবে। অর্থাৎ পড়ুয়ারা তৃতীয় সেমেস্টারের প্রশ্নপত্র এবং ওএমআর শিটের কার্বন কপি বাড়ি নিয়ে যেতে পারবে। আর দুই, ফল প্রকাশের আগেই পড়ুয়াদের উত্তরপত্র যাচাই করার সুযোগ দেওয়া। সেই প্রস্তাব কার্যকরও করল সংসদ। পরীক্ষা শেষ হওয়ার পর ফলপ্রকাশের আগে তৃতীয় সেমেস্টারের সমস্ত ওএমআর শিট ওয়েবসাইটে আপলোড করা হবে। ওয়েবসাইটে দেওয়া হবে ”আনসার কি ‘ ও। যাতে পড়ুয়ারা ফলপ্রকাশের আগে নিজেদের রেজাল্ট সম্পর্কে অবগত হতে পারে। এই ওএমআর শিট দেখার জন্য একটি করে আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে সংসদের পক্ষ থেকে। সেই আইডি এবং পাসওয়ার্ডের সাহায্যে শিক্ষা সংসদের ওয়েবসাইট-এ গিয়ে লগ ইন করে আনসার কি-র সঙ্গে তাদের মূল্যায়ন হওয়া উত্তর ওএমআর শিট দেখে মিলিয়ে নিতে পারবে। ফল প্রকাশের আগেই ফল বুঝতে পারবে পরীক্ষার্থীরা কেমন রেজাল্ট করতে চলেছে। তবে পরে অবশ্যই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে সরাসরি ফল প্রকাশ করা হবে।