রবি শাস্ত্রী থেকে অনিল কুম্বলে। ভারতীয় দলের কোচের দায়িত্বে পরপর দুই প্রাক্তন ক্রিকেটার। কিন্তু দু’জনের কাজের ধরন ও ব্যক্তিত্বে ছিল বিস্তর ফারাক। সেই পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিতে ভারতীয় ক্রিকেটারদের সমস্যা হয়েছিল বলেও শোনা গিয়েছিল। এ বার প্রায় ১০ বছর আগের সেই বিতর্কিত অধ্যায় নিয়ে মুখ খুললেন শাস্ত্রী। তাঁর দাবি, ভারতীয় দলের কোচের পদ থেকে তাঁকে সরিয়ে দিতেই ষড়যন্ত্র হয়েছিল। সেই ষড়যন্ত্রে জড়িত ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ও।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক
২০১৪ সালে ভারতীয় দলের টিম ডিরেক্টর হয়েছিলেন শাস্ত্রী। দু’বছর পরে তাঁকে জানানো হয়, কোচের পদে বসতে গেলে নতুন করে আবেদন করতে হবে। কোচ নির্বাচনের দায়িত্বে ছিল ক্রিকেট অ্যাডভাইসরি কমিটি। সেই কমিটিতে সৌরভ ছাড়াও ছিলেন শচীন তেণ্ডুলকর ও ভিভিএস লক্ষ্মণ। শেষ পর্যন্ত ভারতীয় দলের কোচ নির্বাচিত হন কুম্বলে।
পরে শাস্ত্রী অভিযোগ করেছিলেন, তাঁর ইন্টারভিউয়ের সময় উপস্থিতই ছিলেন না সৌরভ। গোটা ঘটনাকে অপমানজনক বলেও বর্ণনা করেছিলেন তিনি। এ বার সেই অভিজ্ঞতা নিয়ে ফের সরব হলেন প্রাক্তন ভারতীয় কোচ।
এক সাক্ষাৎকারে শাস্ত্রী বলেন, “২০১৪ থেকে টিম ডিরেক্টর ছিলাম। দু’বছর পর জানিয়ে দেওয়া হল, কোচের পদে নতুন করে আবেদন করতে হবে। পারফরম্যান্সের ভিত্তিতে আমার কোচ হওয়ার কথা ছিল। আমাকে কোচ না করার কোনও কারণই ছিল না। তাই ধরে নেওয়া যেতেই পারে, আমাকে সরিয়ে দেওয়ার জন্য ষড়যন্ত্র করা হয়েছিল।”
সেই সময়ে যথেষ্ট ব্যথিত হয়েছিলেন বলেও জানিয়েছেন শাস্ত্রী। তাঁর কথায়, “দলের জন্য মনপ্রাণ ঢেলে দিয়েছিলাম। যখন সাফল্য আসতে শুরু করল, তখনই আমাকে বাইরে চলে যেতে হল।”
তবে ক্রিকেট থেকে দূরে সরে যাননি শাস্ত্রী। ধারাভাষ্যকার হিসাবে কাজ করার সময় নতুন অভিজ্ঞতা সঞ্চয় করেন তিনি। পরে ভারতীয় দলের কোচ হিসাবে ফিরে আসেন। তাঁর মতে, ক্রিকেটে প্রত্যাবর্তন যত কঠিন হয়, সেই প্রত্যাবর্তন ততই শক্তিশালী হয়ে ওঠে। নিজের কোচের পদে ফেরাকেও সেই ভাবেই দেখছেন শাস্ত্রী।