পরীক্ষায় AI দিয়ে টুকলি?এবার কড়া নজর!

একটা ছোট্ট ক্যামেরা। একটা স্মার্টফোন। আর কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI। পরীক্ষার হলে বসে প্রশ্নের ছবি তুলে মুহূর্তের মধ্যে উত্তর পেয়ে যাচ্ছে পরীক্ষার্থী। যে পরীক্ষায় বছরের পর বছর প্রস্তুতি নিয়েও অনেকে সফল হতে পারেন না, সেই পরীক্ষাতেই AI-র সাহায্যে সর্বোচ্চ নম্বর। দক্ষিণ কোরিয়ায় এমনই এক ভয়ঙ্কর পরীক্ষাজাল সামনে আসতেই তোলপাড় গোটা দেশ। আর সেই জালিয়াতি রুখতে ১৯ নভেম্বর দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রবেশিকা পরীক্ষার আগে নজিরবিহীন ব্যবস্থা নেয় প্রশাসন।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক

চশমা খুলে পরীক্ষা। জামার বোতামে স্টিকার। পরীক্ষার হলে ঢোকার আগে স্মার্ট ডিভাইস জমা। এমনকী পরীক্ষার আগে গোটা দেশে মোবাইলে জরুরি সতর্কবার্তা পাঠিয়ে লুকিয়ে রাখা ফোন খুঁজে বের করার চেষ্টা। প্রশ্ন হচ্ছে, দক্ষিণ কোরিয়া কি সত্যিই AI-র টুকলি পুরোপুরি বন্ধ করতে পেরেছে? আর ভারতের NEET-UG 2026 পরীক্ষা কেন বাতিল করতে হল? দক্ষিণ কোরিয়ার এই ঘটনা থেকে কি শিক্ষা নিতে পারে ভারত?

প্রথমে দক্ষিণ কোরিয়ার ঘটনাটা বুঝে নেওয়া যাক। দক্ষিণ কোরিয়ায় ট্যাক্স অ্যাকাউন্ট্যান্ট হওয়ার একটি গুরুত্বপূর্ণ যোগ্যতা পরীক্ষা। সেই পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছিলেন ৩৪ বছরের হান ওন-সিওক। প্রথম পর্বে ১৬০টি প্রশ্নের মধ্যে মাত্র একটি ভুল। এমনকী একটি বিষয়ের পরীক্ষায় পূর্ণ নম্বর। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করে, কীভাবে সম্ভব এমন ফল? প্রথমে অভিযোগ অস্বীকার করলেও, শেষ পর্যন্ত ১৫ নভেম্বর এক ইউটিউব সাক্ষাৎকারে বিস্ফোরক স্বীকারোক্তি করেন ওই পরীক্ষার্থী।

তিনি জানান, পরীক্ষার প্রশ্নের ছবি তুলতে ব্যবহার করেছিলেন একটি ছোট্ট গোপন ক্যামেরা। সেই ছবি স্মার্টফোনের মাধ্যমে পাঠানো হত AI-র কাছে। আর AI থেকে পাওয়া উত্তর ব্যবহার করেই পরীক্ষায় অসাধারণ নম্বর পেয়েছিলেন তিনি। এই স্বীকারোক্তি সামনে আসতেই দক্ষিণ কোরিয়ায় শুরু হয় তীব্র বিতর্ক। কারণ, প্রশ্ন উঠতে থাকে, একজন পরীক্ষার্থী যদি এই পদ্ধতিতে সর্বোচ্চ নম্বর পেতে পারেন, তাহলে দেশের অন্যান্য পরীক্ষাতেও কি একইভাবে জালিয়াতি হয়েছে?

আর ঠিক এই আশঙ্কা থেকেই ১৯ নভেম্বরের কলেজ প্রবেশিকা পরীক্ষাকে ঘিরে কড়া পদক্ষেপ নেয় দক্ষিণ কোরিয়া প্রশাসন। প্রায় সাড়ে পাঁচ লক্ষ পরীক্ষার্থী। দেশের ১,৩১২টি পরীক্ষা কেন্দ্র। প্রশাসনের প্রথম সিদ্ধান্ত পরীক্ষার হলে কোনও স্মার্ট ডিভাইস নিয়ে যাওয়া যাবে না। মোবাইল ফোন, স্মার্টওয়াচ, AI চশমা, স্মার্ট রিং, গোপন ক্যামেরা, ক্যামেরাযুক্ত কলম, ব্লুটুথ ইয়ারফোন সবই নিষিদ্ধ। কেউ যদি বাধ্য হয়ে ফোন বা অন্য কোনও ইলেকট্রনিক ডিভাইস নিয়ে পরীক্ষা কেন্দ্রে ঢোকেন, তাহলে প্রথম পরীক্ষার আগেই তা জমা দিতে হবে। আর পরীক্ষার হলে নিষিদ্ধ ডিভাইস পাওয়া গেলেই, সেটি ব্যবহার করা হয়েছে কি না, তা বিবেচনা না করেই পরীক্ষার ফল বাতিল করার ব্যবস্থা রাখা হয়।

কিন্তু শুধু ডিভাইস নিষিদ্ধ করলেই তো সমস্যার সমাধান হবে না। কারণ, AI-চশমা দেখতে অনেক সময় সাধারণ চশমার মতোই। তাই পরীক্ষার আগে প্রত্যেক পরীক্ষার্থীর চশমা খুলে ডেস্কের উপর রাখতে বলা হয়। বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত কর্মীরা পরীক্ষা করেন, সেই চশমার মধ্যে কোনও গোপন ক্যামেরা, স্মার্ট প্রযুক্তি বা AI-র সাহায্যে উত্তর পাওয়ার ব্যবস্থা রয়েছে কি না। প্রতিটি পরীক্ষা কেন্দ্রে AI-চশমা শনাক্ত করার জন্য বিশেষ দায়িত্বপ্রাপ্ত কর্মী মোতায়েন করা হয়।

এমনকী পরীক্ষার্থীদের জামার বোতামেও লাগানো হয় স্টিকার। উদ্দেশ্য, বোতামের মধ্যে লুকিয়ে রাখা ছোট ক্যামেরা যেন ব্যবহার করা না যায়। পরীক্ষার আগে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয় পরীক্ষক ও নজরদার কর্মীদেরও।

দক্ষিণ কোরিয়ার প্রশাসনের সবচেয়ে আলোচিত পদক্ষেপ ছিল মোবাইল ফোনের জরুরি সতর্কবার্তা। ১৯ নভেম্বর, পরীক্ষা শুরুর আগে সকাল সাড়ে আটটা নাগাদ দেশের মোবাইল ফোনগুলিতে পাঠানো হয় জরুরি সতর্কবার্তা। ফোন সাইলেন্ট থাকলেও সেই সতর্কবার্তার শব্দ শোনা যায়। কেন? কারণ, কোনও পরীক্ষার্থী যদি নিজের ফোন জমা না দিয়ে লুকিয়ে রাখেন, তাহলে সতর্কবার্তার শব্দে সেই ফোনের অবস্থান চিহ্নিত করা সম্ভব হতে পারে। এছাড়াও পরীক্ষা কেন্দ্রের ভিতরে এবং আশপাশের নির্দিষ্ট এলাকায় Wi-Fi পরিষেবা বন্ধ রাখার ব্যবস্থা করা হয়, যাতে বাইরে থাকা কারও সঙ্গে যোগাযোগ করে প্রশ্নের উত্তর নেওয়া কঠিন হয়।

পরীক্ষার আগে প্রশাসন ঘোষণা করে, AI-র সাহায্যে জালিয়াতি করলে শুধু পরীক্ষার ফল বাতিল নয়, ফৌজদারি মামলাও হতে পারে। এমনকী ভবিষ্যতের কলেজ প্রবেশিকা পরীক্ষায় অংশ নেওয়ার উপর দীর্ঘমেয়াদি নিষেধাজ্ঞার প্রস্তাবও সামনে আসে।

১৯ নভেম্বরের পরীক্ষায় প্রথমে ৯৮ জনের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ সামনে আসে। পরে সেই সংখ্যা বেড়ে দাঁড়ায় ১১১। এর মধ্যে ৫৪ জনের ক্ষেত্রে জরুরি সতর্কবার্তার পর লুকিয়ে রাখা ফোনের বিষয়টি সামনে আসে। আরও ৫২ জনকে বিভিন্ন নজরদারি ও পরীক্ষা পদ্ধতিতে ধরা হয়। আর পাঁচটি ঘটনায় পরীক্ষার সময় স্মার্ট ডিভাইস বা গোপন ক্যামেরা ব্যবহার করার অভিযোগ উঠে। এই ঘটনার পর দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রীর পদত্যাগও সামনে আসে। পরীক্ষার স্বচ্ছতা নিয়ে সরকারের উপর চাপ বাড়ে।

এবার ভারতের দিকে তাকানো যাক। ২০২৬ সালের ৩ মে NEET-UG পরীক্ষা হয়েছিল। দেশের ২২ লক্ষেরও বেশি পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশ নেন। পরীক্ষার আগে নিরাপত্তার একাধিক ব্যবস্থা ছিল। আধার-ভিত্তিক বায়োমেট্রিক যাচাই, AI-সহ CCTV নজরদারি, মোবাইল জ্যামার, পরীক্ষাকেন্দ্রে বহুস্তরীয় পর্যবেক্ষণ সবই ছিল বলে সুপ্রিম কোর্টে জানিয়েছিল NTA। কিন্তু পরীক্ষা শেষ হওয়ার কয়েক দিন পরেই প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ সামনে আসে। ৭ মে NTA-র কাছে প্রশ্নপত্র সংক্রান্ত একটি PDF ছড়িয়ে পড়ার ইনপুট আসে। এরপর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সঙ্গে বিষয়টি যাচাই করা হয়।

শেষ পর্যন্ত ১২ মে NTA ঘোষণা করে, ৩ মে নেওয়া NEET-UG 2026 পরীক্ষা বাতিল করা হচ্ছে। পুনরায় পরীক্ষা নেওয়া হবে এবং বিষয়টি CBI-কে তদন্তের জন্য দেওয়া হয়েছে।

তাহলে দক্ষিণ কোরিয়ার ঘটনা থেকে ভারতের শিক্ষা কী? প্রথম শিক্ষা পরীক্ষার নিরাপত্তা শুধু পরীক্ষার হলে শুরু হয় না। প্রশ্নপত্র তৈরি, ছাপানো, পরিবহণ, সংরক্ষণ, পরীক্ষা কেন্দ্রে পৌঁছনো প্রতিটি ধাপেই নিরাপত্তা নিশ্চিত করতে হবে। দ্বিতীয় শিক্ষা AI-র যুগে শুধু মোবাইল ফোন নিষিদ্ধ করলেই হবে না। AI-চশমা, ক্ষুদ্র ক্যামেরা, স্মার্ট ডিভাইস, গোপন যোগাযোগ সবকিছুর জন্য আলাদা নিরাপত্তা প্রোটোকল প্রয়োজন। তৃতীয় শিক্ষা পরীক্ষা কেন্দ্রে প্রশিক্ষিত কর্মী, প্রযুক্তিগত নজরদারি এবং সন্দেহজনক ঘটনার দ্রুত তদন্তের ব্যবস্থা থাকতে হবে।

চতুর্থ শিক্ষা প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠলে দ্রুত, স্বচ্ছ এবং নিরপেক্ষ তদন্ত করতে হবে। পরীক্ষার্থীদের ভবিষ্যৎ যেন প্রশাসনিক ব্যর্থতার শিকার না হয়।

তবে দক্ষিণ কোরিয়ার সব পদ্ধতি হুবহু ভারতে প্রয়োগ করা সম্ভব নয়। ভারতের পরীক্ষার্থীর সংখ্যা, ভৌগোলিক বিস্তার, পরীক্ষা কেন্দ্রের বৈচিত্র্য এবং প্রযুক্তিগত পরিকাঠামো আলাদা। তাই প্রয়োজন দক্ষিণ কোরিয়ার মতো কঠোর নজরদারি, কিন্তু তার সঙ্গে ভারতের বাস্তবতার উপযোগী ব্যবস্থা। কারণ, পরীক্ষা শুধু নম্বর পাওয়ার লড়াই নয়। পরীক্ষা হল মেধার মূল্যায়ন। আর সেই মূল্যায়ন যদি স্বচ্ছ না হয়, তাহলে ক্ষতিগ্রস্ত হয় লক্ষ লক্ষ পরীক্ষার্থীর ভবিষ্যৎ। AI-র যুগে পরীক্ষাব্যবস্থাকে বাঁচাতে তাই একটাই প্রশ্ন প্রযুক্তিকে কি টুকলির অস্ত্র হতে দেওয়া হবে, নাকি প্রযুক্তিকেই স্বচ্ছতার হাতিয়ার করে তোলা হবে?