আদালতের নির্দেশ অমান্য! তামিলনাড়ুর দীপম বিতর্কে কড়া সুপ্রিম কোর্ট

আদালতের নির্দেশ অমান্য করার পরিণতি কী হতে পারে, তামিলনাড়ুর তিরুপারঙ্কুন্দ্রম দীপম বিতর্কে তা স্পষ্ট করে দিল সুপ্রিম কোর্ট। মাদুরাইয়ের তিরুপারঙ্কুন্দ্রম পাহাড়ের নির্দিষ্ট দীপথুন স্তম্ভে শনিবারই প্রদীপ জ্বালানোর নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। একই সঙ্গে মন্দিরের ট্রাস্টি বোর্ডের সদস্যদের সাসপেন্ড করার নির্দেশও দেওয়া হয়েছে।

কার্তিগাই দীপম উৎসবে প্রদীপ জ্বালানোকে কেন্দ্র করেই বিতর্কের সূত্রপাত। গত ২০ নভেম্বর সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল, পাহাড়ের প্রাচীন দীপথুন স্তম্ভে প্রদীপ জ্বালাতে হবে। কিন্তু ২৪ নভেম্বর উৎসবের দিন সেই নির্দেশ কার্যকর হয়নি। নির্দিষ্ট স্তম্ভের বদলে প্রচলিত উচিপিল্লাইয়ার মণ্ডপে প্রদীপ জ্বালানো হয়। এর পরেই আদালত অবমাননার অভিযোগ ওঠে।

শুক্রবার সেই মামলার শুনানিতে আদালত স্পষ্ট জানায়, বিচারবিভাগের নির্দেশ মানা বাধ্যতামূলক। কেউই আদালতের নির্দেশকে খাটো করতে পারেন না। বিচারপতি অরবিন্দ কুমার বলেন, কেউ সাংবিধানিক বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করলে আদালত তা ঠিক করবে।

মাদুরাইয়ের জেলাশাসকের ভূমিকাতেও তীব্র অসন্তোষ প্রকাশ করেছে বেঞ্চ। তাঁর আইনজীবীকে উদ্দেশ করে আদালতের প্রশ্ন, কাজটি করার দায়িত্ব যখন জেলাশাসকেরই ছিল, তখন কেন তা করা হল না? আদালতের নির্দেশ এ ভাবে উপেক্ষা করা যায় না বলেও কড়া বার্তা দেওয়া হয়।

এ ঘটনায় তামিলনাড়ুর মুখ্যসচিব, ডিজিপি, হিন্দু ধর্মীয় ও দাতব্য দফতরের সচিব ও কমিশনার, মাদুরাইয়ের জেলাশাসক, পুলিশ আধিকারিক এবং মন্দির কর্তৃপক্ষের সদস্য-সহ মোট ১৫ জনকে আদালত অবমাননার নোটিস দেওয়া হয়েছে।

অন্য দিকে, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার হয়ে সলিসিটর জেনারেল তুষার মেহতা প্রয়োজনে স্বাধীন কর্তৃপক্ষের নজরদারি এবং কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের প্রস্তাব দিয়েছেন। বুধবার তামিলনাড়ু সরকার সুপ্রিম কোর্টের কাছে ক্ষমাও চেয়েছিল।

কিন্তু তাতেও থামেনি বিতর্ক। এবার আগামীকালই দীপথুনে প্রদীপ জ্বালানোর নির্দেশ দিয়ে নিজেদের অবস্থান আরও স্পষ্ট করল শীর্ষ আদালত।