আসানসোল এনকাউন্টারকাণ্ডে ধৃত প্রতাপ দাসের মুখে মুসাফিরের নাম। কে এই মুসাফির। প্রতাপদের গ্যাংয়ের মাথা কি তবে এই মুসাফিরই। মুসাফির কাকে মারার সুপারি দিয়েছিল প্রতাপকে। প্রতাপ নাকি ভালো হতে চেয়েছিল। মুসাফির ও কয়েকজন প্রভাবশালী প্রতাপকে ভালো হওয়ার সুযোগ দেয়নি। বারবার অন্ধকার জগত টেনে নিয়ে গেছে। কারা তাঁরা। এমনটাই দাবি, করছেন প্রতাপ দাসের মা ও স্ত্রী। প্রতাপ এর আগেও জেলে গেছে কিন্ত কেন এখন বুক কাঁপছে তার পরিবারের। তবে কি রাজ্যে একের পর এক এনকাউন্টার দেখে আতঙ্কিত এই পরিবার ?

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক
ছেলে সুবোধ বালক নন মা ভালো ভাবেই জানেন। ছোটবেলা থেকেই অপরাধ জগতের সঙ্গে যোগাযোগ। অভাবের সংসারে বড় হয়ে ওঠা প্রতাপকে শাসনে রাখতে পারেনি তার মা বাবা। চুরি, ডাকাতি থেকে সাইবার প্রতারণা সবেতেই হাত পাকিয়েছে ছেলে। প্রতাপের মায়ের কথায়, বদমায়েশি তো করেছে। তবে যা করেছে, আগে করেছে। তার শাস্তিও পেয়েছে। জেল হয়েছে। বেলও পেয়েছে। ২ বছর ও কোনও অপরাধ করেনি। তাঁর দাবি, পুলিশ নিজেদের কাজ করানোর জন্য প্রতাপকে ফাঁসিয়েছে।
শুক্রবার নাকি আদালতে আত্মসমর্পণ করতে যাচ্ছিল প্রতাপ। এমনটাই জানিয়েছেন তার মা ও স্ত্রী। প্রতাপের স্ত্রীর কথায়, শুক্রবার প্রতাপ আদালতে যাচ্ছিল। তাঁদের আঙুল পুলিশের দিকে। প্রতাপের স্ত্রীর অভিযোগ পুলিশ ওকে আত্মসমর্পণ করতে দেয়নি। বৃহস্পতিবার রাতে প্রতাপ তার বোনের সঙ্গে ফোনে যোগাযোগ করেছিল। তখন সেখানে পুলিশও উপস্থিত ছিল। ফোনের ওপার থেকে ও বারবার পুলিশের হাতে যাব না বলে জেদ করছিল। আদালতে আত্মসমর্পণ করার কথা বলছিল। শুক্রবার ও আত্মসমর্পণ করতেই যাচ্ছিল সে। কিন্তু পুলিশ বাহবা নিতে এনকাউন্টার করল। তাঁর আরও দাবি, পুলিশের হাতে বিভিন্ন ভয়েস রেকর্ডিং রয়েছে। সেগুলো যদি তারা আদালতে জমা দেয় এবং নিরপেক্ষ তদন্ত হয়, তা হলে পরিষ্কার হবে এ বার আর কোন অপরাধে করেনি তাঁর স্বামী।
একটি সাইবার প্রতারণা সংক্রান্ত মামলায় প্রতাপকে খুঁজছিল পুলিশ। গত বুধবার আসানসোলের হিরাপুর থানা এলাকার ইসমাইলে তাঁকে ধরেও ফেলে তারা। কিন্তু প্রতাপ পুলিশকে গুলি ছুড়ে পালায় বলে অভিযোগ। শুক্রবার ইসমাইল এলাকা থেকেই প্রতাপকে পাকড়াও করা হয়েছে। যদিও এ বারও সে পুলিশকে গুলি ছুড়েছিল বলে অভিযোগ। পুলিশের পাল্টা গুলিতে জখম হয় সে। ডান পায়ে গুলি লাগে। শুক্রবার আসানসোল জেলা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হলে প্রতাপ দাস অভিযোগ করে মুসাফির তাকে ফাঁসিয়েছে। তাঁর এই মন্তব্যকে ঘিরে শুরু হয়েছে নতুন জল্পনা।
প্রতাপ দাস গ্রেফতার হওয়ার আগে তার স্ত্রীও একই অভিযোগ করেছিলেন মুসাফিরের বিরুদ্ধে। তার মানে মুসাফিরকে ভালো ভাবেই চেনে প্রতাপের পরিবার। এবার মুসাফিরের খোঁজ শুরু করেছে পুলিশ। অন্যদিকে প্রতাপ জানিয়েছে লোক মারতে সুপারি দেওয়া হয়েছিল তাকে। কাকে মারতে এই সুপারি, তা পরিষ্কার হয়নি। বিজেপি ক্ষমতায় আসার পরে রাজ্যে পাঁচটি এনকাউন্টারের ঘটনা ঘটেছে। পাঁচটি ক্ষেত্রেই মৃত্যু হয়েছে অভিযুক্তের। প্রশ্ন উঠেছিল, অভিযুক্তদের ধরতে গিয়ে কেন শরীরের এমন জায়গায় গুলি করা হচ্ছে, যার ফলে মৃত্যু হচ্ছে। নভেম্বরেই বীরভূমে পুলিশকে গুলি চালিয়ে পালিয়ে যাওয়া রতন শেখ এনকাউন্টারে মারা যান। প্রতাপের বিরুদ্ধেও পুলিশকে তাক করে গুলি করার অভিযোগ রয়েছে। শুক্রবার দুর্গাপুরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন পুলিশকে খোলা ছুট দেওয়া হয়েছে। পুলিশকে আক্রমণ করলে তারা আইনগত ব্যবস্থা নেবে। একই কথা মন্ত্রী অগ্নিমিত্রা পালের মুখেও।
অতএব পুলিশের কোর্টেই এখন বল। আর তাতেই আতঙ্কিত প্রতাপ দাসের পরিবার। ছেলের কপালে যে কী লেখা তা নিয়েই চিন্তিত তাঁরা। এখন দেখার প্রতাপের বয়ান অনুসারে পুলিশ এই মুসাফিরের টিকি ছুঁতে পারে কি না।