ছাত্রীদের হস্টেলে অজ্ঞাতপরিচয় যুবক

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর হস্টেলের ঘরে এক অজ্ঞাতপরিচয় যুবক। এমনই অভিযোগ তুলেছেন রাজাবাজার সায়েন্স কলেজের তৃতীয় বর্ষের ছাত্রী সায়ন্তনী চক্রবর্তী। শনিবার রাতের অন্ধকারে হস্টলের ঘরে এক অজ্ঞাতপরিচয় যুবক ঢুকে ছিলেন বলে অভিযোগ সায়ন্তনীর।

নাজিয়া রহমান, নিজস্ব প্রতিনিধি:- রাতের অন্ধকারে ছাত্রীদের হস্টেলে এক অজ্ঞাতপরিচয় যুবক। ঘটনাটি ঘটেছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত একটি ছাত্রীদের আবাসনে বলে অভিযোগ। অভিযোগ করেছেন রাজাবাজার সায়েন্স কলেজের তৃতীয় বর্ষের ছাত্রী সায়ন্তনী চক্রবর্তী। তিনি জানান, “৫৬ এম জি রোড হস্টেলের আবাসিক। শনিবার রাতে আমার রুমে হঠাৎ করে একজন ঢুকেছিল। তিনি চুরি করছিল, না কি উদ্দেশ্য ছিল জানি না। হঠাৎ করে আমার ঘুম ভেঙে যায়। আমি লোকটিকে ধরতে গিয়েছিলাম, লোকটির সঙ্গে মারপিট পর্যন্ত হয়েছে। ভেতর থেকে হস্টেলের দরজা বন্ধ ছিল। সে হস্টেলের ছাদের রেলিং বেয়ে নেমে যায়।” সায়ন্তনী আরও জানায়,” আমি সেটা সাথে সাথে সুপার ও কলেজের সেক্রেটারি স্যারকে ফোন করে জানায়। কিন্তু হোস্টল বা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফ থেকে কোনও কড়া ব্যবস্থা নেওয়া হয়নি।” সায়ন্তনী আরও জানিয়েছেন, ঘরে একটি ট্রলিব্যাগ পড়ে যাওয়ার শব্দে ঘুম ভেঙে যায় তাঁর। দেখেন এক অজ্ঞাতপরিচয় যুবক তাঁর ঘরের মধ্যে জিনিসপত্র হাতড়াচ্ছেন। তাঁর মোবাইলের হেডফোন, ব্যাগ থেকে জিনিসপত্র বার করে ছড়িয়ে ছিটিয়ে রেখেছেন। যুবকটি তাঁর জিনিসপত্র ঘাঁটাঘাঁটি ছড়িয়ে ছিটিয়ে দেন বলেও সায়ন্তনীর অভিযোগ । এই ঘটনায় তাঁর মোবাইলও চুরি গিয়েছে বলে অভিযোগ ছাত্রীটির। পাশাপাশি কত টাকা চুরি হয়েছে তা তাঁর খুঁজে দেখা হয়নি। তবে এই ঘটনায় সায়ন্তনী খুবই ভয় পেয়ে গেছেন। তার সঙ্গে অন্যান্য আবাসিকেরা হস্টেলে নিরাপত্তার খামতি নিয়ে অভিযোগ তুলেছেন।

সায়ন্তনী বিষয়টি সঙ্গে সঙ্গে হস্টেল সুপারকে জানায়। কিন্তু কোনও পদক্ষেপ না নিয়ে কেন জানালা খুলে রেখেছিলেন সেই নিয়ে সায়ন্তনীকে প্রশ্ন করা হয়।ছাত্রীটি আরও জানায় ‘‘হস্টেলের সুপার বলেন, এখন অভিযুক্ত চলে গিয়েছেন। কিছু করার নেই। কাল (রবিবার) সেক্রেটারিকে জানাচ্ছি।’’ এর পরে ছাত্রী নিজের ঘরে ফিরে বাকি ছাত্রীদের বিষয়টি জানান। যদিও হস্টেলের সুপার ছায়ারানী মুর্মু জানিয়েছেন, ঘটনার কথা যখন তিনি জানতে পারেন, তখন তাঁর কাছে পুলিশের ফোন নম্বর না থাকায় সঙ্গে সঙ্গে পুলিশকে জানাতে পারেননি। তবে বরিবার সকালেই পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। এই ঘটনায় রবিবার হস্টেলের বাইরে বিক্ষোভ দেখান হস্টেলের ছাত্রীরা। হস্টেলে নিরাপত্তার অভাব রয়েছে বলে অভিযোগ তুলেছেন তৃণমূলের ছাত্র পরিষদের সদস্যেরা।