চিনের সঙ্গে পাকিস্তানের ক্রমবর্ধমান সামরিক ঘনিষ্ঠতা ভারতের সামনে ‘দুই ফ্রন্ট’-এর নিরাপত্তা-চ্যালেঞ্জ আরও বাড়িয়ে তুলছে। এমনই সতর্কবার্তা দিল আমেরিকার ইউএস-চায়না ইকনমিক অ্যান্ড সিকিউরিটি রিভিউ কমিশন (USCC)। তাদের রিপোর্টে ভারতের সঙ্গে আমেরিকার প্রতিরক্ষা সমন্বয় আরও জোরদার করার সুপারিশও করা হয়েছে।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক
‘চিনের অন্য ফ্রন্ট: ভারত এবং ইন্দো-প্যাসিফিকে আমেরিকার ভবিষ্যৎ কৌশল’ শীর্ষক অধ্যায়ে বলা হয়েছে, বেজিংয়ের সামরিক ও নিরাপত্তা সহায়তা ইসলামাবাদকে আরও শক্তিশালী করছে। ফলে পাকিস্তানের সঙ্গে সংঘাতের সময় চিন সরাসরি যুদ্ধে না জড়িয়েও পাকিস্তানকে সহায়তা করতে পারে। ২০২৫ সালের মে মাসের সংঘাতের উদাহরণ টেনে রিপোর্টে বলা হয়েছে, ‘অপারেশন সিঁদুর’-এর সময় এই সম্ভাবনাই ভারতের সামরিক পরিকল্পনাকে আরও জটিল করে তুলেছিল।
রিপোর্ট অনুযায়ী, চিন ভারতের উত্থানকে কৌশলগত চ্যালেঞ্জ হিসাবে দেখে। স্থলসীমান্ত, অর্থনীতি এবং ভারত মহাসাগরে সামরিক ও নজরদারি তৎপরতার মাধ্যমে দিল্লির উপর চাপ বাড়াচ্ছে বেজিং। প্রায় ২,১০০ মাইল বিতর্কিত সীমান্তের পাশাপাশি ভারত মহাসাগরের গুরুত্বপূর্ণ বাণিজ্যপথে ভারতের অবস্থানও চিনের কাছে গুরুত্বপূর্ণ। চিনা নৌ, নজরদারি ও গবেষণা জাহাজের উপস্থিতি ক্রমশ বাড়ছে বলেও দাবি করেছে কমিশন।
এই পরিস্থিতিতে আমেরিকার প্রতিরক্ষা দফতর ও যৌথ বাহিনীর শীর্ষ নেতৃত্বকে ভারতের সঙ্গে নিয়মিত গোয়েন্দা তথ্য আদানপ্রদান, চিনা যুদ্ধজাহাজ ও সাবমেরিনের গতিবিধি নজরে রাখা এবং সমুদ্রপথে যৌথ প্রতিরোধ ব্যবস্থা জোরদারের পরামর্শ দিয়েছে USCC।
তবে রিপোর্ট একই সঙ্গে মনে করিয়ে দিয়েছে, চিন-বিরোধিতায় ভারতের অবস্থান আমেরিকার সঙ্গে পুরোপুরি অভিন্ন নয়। দিল্লির নিজস্ব কৌশলগত স্বায়ত্তশাসন রয়েছে। সম্প্রতি মোদী-শি বৈঠকেও দুই দেশ সীমান্ত সমস্যার ‘ন্যায্য, যুক্তিসঙ্গত ও পারস্পরিক গ্রহণযোগ্য’ সমাধানের কথা বলেছে। ফলে বেজিংয়ের সঙ্গে সম্পর্ক সামলে ওয়াশিংটনের সঙ্গে প্রতিরক্ষা ঘনিষ্ঠতা—দুই দিকই একসঙ্গে চালাতে হবে দিল্লিকে।