বাংলার জন্য আরও ১ লক্ষ কোটি টাকার সড়ক!

বাংলার পরিকাঠামো উন্নয়নে আরও বড় ঘোষণা কেন্দ্রীয় সড়ক পরিবহণমন্ত্রী নিতিন গডকড়ির। বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে ২২টি জাতীয় সড়ক ও সড়ক প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করলেন তিনি। প্রকল্পগুলির মোট মূল্য ৮,৭০০ কোটি টাকারও বেশি। একই সঙ্গে বাংলার জন্য আরও ১ লক্ষ কোটি টাকার সড়ক ও পরিকাঠামো প্রকল্প ঘোষণা করলেন গডকড়ি।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক

কোলাঘাটের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে গডকড়ী বলেন, ‘‘বাংলার ছবি বদলানোর দায়িত্ব মোদীজি এবং আমার। ইতিমধ্যেই ২ লক্ষ কোটি টাকার প্রকল্পের কাজ চলছে। আজ বাংলার জন্য আরও ১ লক্ষ কোটি টাকার প্রকল্প ঘোষণা করছি।’’

কেন্দ্রীয় মন্ত্রীর দাবি, নতুন প্রকল্পগুলির মাধ্যমে রাজ্যের গুরুত্বপূর্ণ জাতীয় সড়কগুলির সম্প্রসারণ ও সংস্কার, সেতু, উড়ালপুল এবং বাইপাস নির্মাণের কাজ হবে। এর ফলে যানজট কমার পাশাপাশি রাজ্যের বিভিন্ন প্রান্তের মধ্যে যোগাযোগ আরও মসৃণ হবে।

গডকড়ির সফরের আগে তাঁর প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ। গডকড়িকে ‘বিশ্বকর্মা’ আখ্যা দিয়ে তিনি বলেন, ‘‘যেখানে হাত দেন, সেখানেই বদলে দেন।’’ তাঁর অভিযোগ, আগের রাজ্য সরকার কেন্দ্রের অনুমোদন ও অর্থ পাওয়া সত্ত্বেও প্রয়োজনীয় সহযোগিতা না করায় একাধিক প্রকল্প আটকে ছিল।

দিলীপ ঘোষের দাবি, বিজেপি সরকার ক্ষমতায় আসার পরে সেই প্রকল্পগুলির কাজ দ্রুত এগোচ্ছে। তাঁর কথায়, ‘‘এখন ডাবল ইঞ্জিন সরকার। দিন-রাত উন্নয়ন করতে চাই আমরা।’’

প্রস্তাবিত প্রকল্পগুলির মধ্যে রয়েছে খড়গপুর-মোরগ্রাম গ্রিনফিল্ড সড়ক এবং শিলিগুড়ি থেকে খড়গপুর হয়ে কাশীর দিকে সংযোগকারী গুরুত্বপূর্ণ সড়কপথ। জমি এবং রাজ্য সরকারের সহযোগিতার অভাবে এত দিন কিছু প্রকল্পের কাজ থমকে ছিল বলে জানান দিলীপ ঘোষ।

এ ছাড়াও মেদিনীপুর-খড়গপুর সংযোগকারী কংসাবতী নদীর উপর দ্বিতীয় সেতুর কাজ শুরু হচ্ছে। প্রায় তিন বছর আগে এই প্রকল্পের জন্য ৩০৪ কোটি টাকা অনুমোদন হয়েছিল। এ বার সেই প্রকল্পও বাস্তবায়নের পথে।

দিলীপ ঘোষ জানান, ফরাক্কার দ্বিতীয় সেতুও উদ্বোধন হবে। তাঁর আশা, কেন্দ্র ও রাজ্যের সমন্বয়ে আগামী দিনে বাংলার সড়ক যোগাযোগ ব্যবস্থায় বড়সড় পরিবর্তন আসবে।