চূড়ান্ত হয়ে গেল আগরকরের উত্তরসূরি! গম্ভীরের সঙ্গে জরুরি বৈঠকে চার নির্বাচক। গুয়াহাটিতে মঙ্গলবার জাতীয় দলের চার নির্বাচকই হাজির ছিলেন। কোচ গম্ভীরের সঙ্গে দেখা করতে যান নির্বাচকরা। জাতীয় নির্বাচক প্রধান হিসাবে অজিত আগরকর যে আর থাকবেন না, বোর্ডের বার্ষিক সভার পরই স্পষ্ট হয়ে গিয়েছিল। এবার সম্ভবত তাঁর উত্তরসূরিও ঠিক হয়ে গেল। আগরকরের অনুপস্থিতিতে জাতীয় নির্বাচকমণ্ডলীর নেতৃত্ব দেওয়া শুরু করেছেন প্রজ্ঞান ওঝা। আপাতত অস্থায়ী ভাবে ‘সিনিয়র’ হিসাবে দায়িত্ব সামলাচ্ছেন তিনি। বোর্ড সূত্র বলছে, স্থায়ীভাবে আগরকরের উত্তরসূরি হওয়ার দৌড়েও এগিয়ে ওই প্রাক্তন বাঁহাতি স্পিনারই।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্কঃ
এই মুহূর্তে টিম ইন্ডিয়া তিরুঅনন্তপুরম ওয়ানডে সামলে গিয়েছেন গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে। দীর্ঘ সফরের ধকল কাটাতে মঙ্গলবার কোনও অনুশীলন করেনি ভারতীয় দল। গিলদের ছুটি দিয়েছিলেন গম্ভীর। তাৎপর্যপূর্ণভাবে গুয়াহাটিতে মঙ্গলবার জাতীয় দলের চার নির্বাচকই হাজির ছিলেন। প্রজ্ঞান ওঝা, আর পি সিং, শিব সুন্দর দাস এবং অজয় রাত্রা। এই চারজনের নেতৃত্বে ছিলেন ওঝাই।
সচরাচর দ্বিপাক্ষিক সিরিজের মাঝে এভাবে একসঙ্গে সব নির্বাচককে দেখা যায় না। কিন্তু সামনে নিউজিল্যান্ড সিরিজ। সেই সিরিজের টেস্ট, ওয়ানডে ও টি-২০ দল বাছতে হবে। তাছাড়া ইন্ডিয়া এ দলেরও একটি সিরিজ আছে। সেই দলও বাছতে হবে। সেসব নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকের জন্যই গম্ভীরের সঙ্গে দেখা করতে যান নির্বাচকরা। যেভাবে তাঁদের নেতৃত্ব দিলেন প্রজ্ঞান ওঝা, তাতে মোটামুটি পরিষ্কার বোর্ড তাঁকেই আগরকরের উত্তরসূরি হিসাবে দেখছে।
মঙ্গলবারের পর একটা জিনিস পরিষ্কার আগরকর ভারতের হয়ে শেষবারের জন্য দল বেছে ফেলেছেন। ৪ অক্টোবর আগরকরের তিন বছরের মেয়াদ শেষ হচ্ছে। বোর্ডের সাধারণ সভাতেই তিনি জানিয়ে দিয়েছেন, প্রধান নির্বাচক পদে আর থাকতে চান না তিনি। ফলে তাঁর মেয়াদ বৃদ্ধির যেটুকু সম্ভাবনা ছিল, সেটাও শেষ হয়ে যায়। মাঝে শোনা গিয়েছিল, আগামী বছর যেহেতু ওয়ানডে বিশ্বকাপ রয়েছে, তাই আগরকরের মেয়াদ এক বছর বাড়িয়ে দেওয়া হতে পারে। কিন্তু রোহিত শর্মার অবসর নিয়ে অহেতুক বিতর্কের জেরে সেই সম্ভাবনা নষ্ট হয়ে যায়। যেভাবে নির্বাচকরা রোহিতের মতো মহাতারকাকে অবসরের জন্য চাপ দিয়েছিল সেটা একেবারে নাপসন্দ ছিল বোর্ড কর্তাদের। সেই বিতর্কের জেরেই বোর্ড ঠিক করে আগরকরকে আর রাখা হবে না। এর মধ্যেই আগরকর নিজে জানিয়ে দেন, তিনি আর নির্বাচকপ্রধান পদে থাকতে চান না। তার আগেই সম্ভাব্য উত্তরসূরি হিসাবে প্রজ্ঞানকে বাছল বোর্ড।