বাংলাদেশের নির্বাচনকে ঘিরে বসিরহাটের ঘোজাডাঙ্গা সীমান্তে বন্ধ বাণিজ্য, দাঁড়িয়ে শতাধিক পণ্যবাহী ট্রাক।

শ্যাম বিশ্বাস, নিজস্ব সংবাদদাতা: বাংলাদেশে আগামীকাল অনুষ্ঠিত হতে চলেছে জাতীয় নির্বাচন। নির্বাচনকে কেন্দ্র করে সীমান্তজুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সেই কারণেই ভারত–বাংলাদেশ ঘোজাডাঙ্গা আন্তর্জাতিক সীমান্ত দিয়ে সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে পণ্যবাহী ট্রাক চলাচল ও আমদানি-রফতানির কাজ। প্রশাসনের নির্দেশ অনুযায়ী আজ ও আগামীকাল—দুই দিনই সীমান্ত বাণিজ্য সম্পূর্ণভাবে স্থগিত থাকবে।
সীমান্ত সূত্রে জানা গেছে, নির্বাচনকে কেন্দ্র করে কোনওরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে ঘোজাডাঙ্গা স্থলবন্দরে প্রবেশের অনুমতি না পাওয়ায় সীমান্তের ভারতীয় অংশে সারি সারি পণ্যবাহী ট্রাক দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। অনেক ট্রাকচালক ও ব্যবসায়ী পণ্য নিয়ে অপেক্ষা করছেন বাণিজ্য পুনরায় চালু হওয়ার আশায়। ব্যবসায়ীদের একাংশ জানিয়েছেন, দু’দিন বাণিজ্য বন্ধ থাকায় কিছু পণ্যের সরবরাহে সাময়িক সমস্যা তৈরি হতে পারে। পণ্য সরবরাহে বিলম্ব হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে নির্বাচনকালীন নিরাপত্তার স্বার্থে প্রশাসনের এই সিদ্ধান্তকে তারা সমর্থন করছেন। নির্বাচন শেষ হওয়ার পর দ্রুত বাণিজ্য স্বাভাবিক হবে বলেও আশা প্রকাশ করেছেন তারা।
এদিকে সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করতে বিএসএফ, কাস্টমস ও অন্যান্য প্রশাসনিক দফতরগুলিকে সতর্ক অবস্থানে রাখা হয়েছে। সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে। যেকোনও পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছেন নিরাপত্তা বাহিনীরাও।