গির্জায় ইজরায়েলের হামলা, গাজা জুড়ে শুধুই ধ্বংসের চিহ্ন

গাজার ওপর ফের হামলা ইজরায়েলের। এবার আক্রমণস্থল গাজার একমাত্র গির্জা। এই মুহূর্তে গাজা জুড়ে শুধুই ধ্বংসের ছবি।

সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, নিজস্ব প্রতিনিধিঃ- ইজরায়েলের একমাত্র লক্ষ্য হামাস নিধন। আর সেই লক্ষ্যপূরণ করতে গিয়ে গাজার একমাত্র গির্জাকেও রেহাই দিল না নেতানিয়াহুর দেশ। ভয়ানক হামলা চালানো হল সেখানে। এই ঘটনাকেও ভুলবশত বলে দাবি ইজরায়েলের।

গাজার একমাত্র গির্জা হল হোলিফ্যামিলি গির্জা, আর সেখানেই ইহুদি সেনার গোলাবর্ষণের জেরে মৃত্যু হয়েছে গির্জার যাজক গ্যাব্রিয়েল রোমালেনিও-সহ আরও তিন জনের। পাশাপাশি আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। ঘটনার খবর জানার পরেই এই নৃশংস হামলার বিরুদ্ধে নিন্দায় সরব হয়েছে সব মহল। চাপের মুখে এই ইস্যুতে মুখ খুলে খোদ ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এই ঘটনাকে ভুলবশত বলে দাবি করেছেন।

শুধু গির্জাই নয়, গাজা ভূখণ্ডের দক্ষিণে রাফা শহরের প্রায় সমস্ত বাড়ি, বহুতল ভেঙে গুঁড়়িয়ে দেওয়া হয়েছে ইজরায়েলের তরফে। এপ্রিল থেকে এই ধরনের হামলার তীব্রতা বৃদ্ধি করেছে ইজরায়েলি সেনা। বড় বা়ড়ি কিংবা বহুতল ভাঙতে নিয়ন্ত্রিত মাত্রায় বিস্ফোরণ ঘটানো হয়েছে। ক্ষেত্র বিশেষে ব্যবহার করা হয়েছে বুলডোজারও।

ইজরায়েলের হামলার হাত থেকে বাঁচতেই গাজার অগণিত মানুষ শিশু ও প্রতিবন্ধীরা আশ্রয় নিয়েছিলেন এই গির্জায়। সে খবর সেখানেই কামান থেকে গোলা ছোড়ে ইজরায়েলের সেনা।

জেরুজালেমের রোমান ক্যাথলিক নেতা গ্যাব্রিয়েল রোমানেল্লি জানিয়েছেন, নিহত ছাড়াও হামলায় গির্জায় উপস্থিত অনেকে আহত হয়েছেন। ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি বলেছেন, বেসামরিক লোকজনের বিরুদ্ধে মাসের পর মাস ধরে ইজরায়েল যে হামলা চালিয়ে যাচ্ছে, তা গ্রহণযোগ্য নয়। তবে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি ভ্যাটিকান।

ইজরায়েলের হামলায় কার্যত বিধ্বস্ত গাজা। গোটা গাজা উপত্যকা যেন পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। খাদ্য ও জলসংকট চরম আকার নিয়েছে। থালা হাতে ত্রাণের লাইনে দাঁড়িয়ে থাকা বুভুক্ষদের ভিড়েও চলছে হামলা। যদিও ইজরায়েলের বক্তব্য, বিভিন্ন বাড়িতে অস্ত্রশস্ত্র মজুত রেখেছে হামাস। সেই কারণে কার্যত বাধ্য হয়েই তারা সেগুলি ধ্বংস করছে। কিন্তু এই গির্জার হামলাকে অনিচ্ছাকৃত ভুলই বলে, হামলার পর দুঃখপ্রকাশ করে নেতানিয়াহু জানিয়েছেন, “গাজার গির্জায় ভুল করে গোলা চলেছে। এই হামলায় ইজরায়েল গভীরভাবে শোকপ্রকাশ করছে। যে কোনও নিরীহ ব্যক্তির প্রাণহানি দুঃখজনক। আমরা এই ঘটনার জন্য দুঃখপ্রকাশ করছি”।