সরস্বতী পুজো:  ছাত্র-ছাত্রীদের হাতে তৈরি ‘অপারেশন সিঁদুর’!

গঙ্গাসাগরের মণ্ডপে সরস্বতী পুজোয় বড় চমক, পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় জওয়ানদের করা অপারেশন সিঁদুরকে এবার সরস্বতী পুজোর মণ্ডপে ফুটিয়ে তুলল ছাত্রছাত্রীরা।

বিশ্বজিৎ নস্কর, নিজস্ব সংবাদদাতা:  বিদ্যার দেবী মা সরস্বতীর আরাধনায় যখন মেতেছে গোটা বাংলা, তখন এক অনন্য নজির সৃষ্টি করল দক্ষিণ ২৪ পরগনা জেলার গঙ্গাসাগরের কচুবেড়িয়া ইয়ুথ কেরিয়ার কোচিং সেন্টার-এর ছাত্র-ছাত্রীরা। কেবল বই-খাতায় সীমাবদ্ধ না থেকে, সৃজনশীলতার এক অনন্য নিদর্শন তুলে ধরেছে তারা। তাদের এ বছরের পুজোর মূল আকর্ষণ হল বিশেষ থিম। তা হল পহেলগামে বেছে বেছে হিন্দু নিধনের পর ভারত সরকার যে ‘অপারেশন সিঁদুর’-এর মাধ্যমে পাকিস্তানের বিরুদ্ধে হামলা চালিয়েছিল, সেই অপারেশন সিঁদুরকেই তুলে ধরা হয়েছে মণ্ডপের আঙ্গিকে।

​কোনও পেশাদার শিল্পী নয়, বরং কোচিং সেন্টারের একঝাঁক পড়ুয়া দিন-রাত এক করে নিজেদের হাতে তৈরি করেছে এই অভিনব মণ্ডপ। জানা গিয়েছে, গত কয়েকদিন ধরে হাড়ভাঙা খাটুনি আর অদম্য জেদকে সম্বল করেই ছাত্র-ছাত্রীরা এই মণ্ডপটি সাজিয়ে তুলেছে। ‘অপারেশন সিঁদুর’ থিমটির মাধ্যমে এক বিশেষ বার্তা দেওয়ার চেষ্টা করেছে তারা, যা দেখতে ভিড় জমাচ্ছেন স্থানীয় বাসিন্দারাও।