কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের উদ্যোগে দেশের ১৩ টি রাজ্যে মোট ৩০ টি নতুন বিজ্ঞান কেন্দ্র বা সায়েন্স সেন্টার তৈরির কাজ চলছে।

বিশ্বজিৎ নস্কর, নিজস্ব সংবাদদাতা : পিছিয়ে পড়া সুন্দরবনে সায়েন্স সেন্টার বা বিজ্ঞান কেন্দ্র তৈরির আবেদন কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রককে জানালেন সুন্দরবন উন্নয়ন পর্ষদের প্রাক্তন সদস্য লোকমান মোল্লা। গত ৩১ শে অক্টোবর রাজ্যসভার সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্যের মাধ্যমে কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী গজেন্দ্র সিং শেখায়তকে এই আবেদন জানান লোকমান। সেই আবেদনে সাড়া দিয়ে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। সম্প্রতি এ বিষয়ে তিনি একটি প্রত্যুত্তর চিঠিও দিয়েছেন তিনি।
কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের উদ্যোগে দেশের ১৩ টি রাজ্যে মোট ৩০ টি নতুন বিজ্ঞান কেন্দ্র বা সায়েন্স সেন্টার তৈরির কাজ চলছে। অরুনাচল প্রদেশ, আসাম, চণ্ডীগড়, কর্ণাটক, জম্মু কাশ্মীরের মত রাজ্যের নাম সেই তালিকায় থাকলেও নেই পশ্চিমবঙ্গের নাম। এক একটি রাজ্যে ন্যাশানাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়ামের অধীন একাধিক বিজ্ঞান কেন্দ্র তৈরির উদ্যোগ কেন্দ্রীয় সরকার নিলেও এ রাজ্যে একটিও সায়েন্স সেন্টার তৈরির কোন উদ্যোগ নেয়নি কেন্দ্র। আর তাই সুন্দরবন এলাকায় যাতে এই বিজ্ঞান কেন্দ্র তৈরি করা যায় সেই আবেদন কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের কাছে পৌঁছে দিয়েছেন লোকমান।
সূত্রের খবর, এই ন্যাশানাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়ামের অধীন বিজ্ঞান কেন্দ্র বা সায়েন্স সেন্টার তৈরির জন্য রাজ্যের তরফ থেকে আবেদন করতে হয়। কিন্তু দেশের অন্যান্য রাজ্য এই আবেদন করলেও বাংলার তরফ থেকে কোন আবেদন জমা পড়েনি। তাই এখানে বিজ্ঞান কেন্দ্র তৈরির উদ্যোগও কেন্দ্র দেখায় নি। লোকমান বলেন, “ দিল্লিতে ব্যক্তিগত কাজে গিয়ে বিষয়টি জানতে পারি, আর তখনই এ বিষয়ে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের কাছে আবেদন জানাই। সুন্দরবন এলাকায় এই বিজ্ঞান কেন্দ্র তৈরি হলে পর্যটনের আরও উন্নতি যেমন হবে, তেমনি প্রচুর কর্মসংস্থান তৈরি হবে। এলাকার অর্থনীতি অনেকটাই বদলে যাবে। কেন্দ্রীয় মন্রীেম এ বিষয়ে ইতিমধ্যেই দফতরের আধিকারিকদেরকে খোঁজখবরের নির্দেশ দিয়েছেন।”