প্রশান্ত দাস, প্রতিনিধি, সিউড়ি: দুর্গাপূজা মানেই নতুন পোশাক আর আনন্দ। কিন্তু সমাজের এমন অনেক মানুষ আছেন, যাদের কাছে নতুন জামা কেনাটা বিলাসিতা মাত্র। আর সেইসব শিশুদের মুখে হাসি ফোটাতে অভিনব উদ্যোগ নিল সিউড়ির উপহার ওয়েলফেয়ার সোসাইটি। কোনো দান নয়, বরং বাজারের মাধ্যমে এক টাকার বিনিময়ে নতুন পোশাক তুলে দেওয়া হলো অভাবী শিশুদের হাতে।

সিউড়ি সংলগ্ন ভূরকুনা অঞ্চলের সেখডিহি গ্রামের আদিবাসী শিশুদের জন্য এই ব্যতিক্রমী ‘এক টাকার বাজার’-এর আয়োজন করা হয়েছিল। এই বাজারে মাত্র এক টাকা দিলেই মিলছিল নতুন পোশাক।
সংস্থার সম্পাদক প্রিয়নীল পাল জানান, “আমরা গত ১১ বছর ধরে ‘দানে নয়, উপহারে বিশ্বাসী’ এই স্লোগানকে সামনে রেখে কাজ করে চলেছি। আমরা বিশ্বাস করি, দান নেওয়ার থেকে নিজেদের সামর্থ্য অনুযায়ী কিছু দিয়ে কোনো জিনিস নেওয়া মানুষের আত্মসম্মান বজায় রাখে। এবারের পুজোয় আমরা ১১১ জন শিশুকে নতুন পোশাক দেওয়ার সংকল্প নিয়েছি আজ ৭৭ হল।”

তিনি আরও জানান, গত বছরও এই অঞ্চলে একই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছিল এবং তা ব্যাপক সাড়া ফেলেছিল।
স্থানীয় সমাজসেবক রাকিব শেখ এই উদ্যোগের প্রশংসা করে বলেন, “আমরা সারা বছরই চেষ্টা করি এই প্রান্তিক মানুষগুলোর পাশে দাঁড়াতে। উপহার ওয়েলফেয়ার সোসাইটির এই ভাবনা সত্যিই প্রশংসার যোগ্য।”
উপহার ওয়েলফেয়ার সোসাইটির এই প্রচেষ্টা শুধু নতুন পোশাক দেওয়াই নয়, বরং অভাবী মানুষের আত্মসম্মানকে অক্ষুণ্ন রেখে তাদের মুখে হাসি ফোটানোর এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করল।