৪ কেন্দ্রেই প্রার্থী হুমায়ুন কবীর !

Murshidabad Humayun Kabir :  হুমায়ুন কবীরের নতুন দলের নাম জনতা উন্নয়ন পার্টি। তৃণমূলকে নিশানা করে একের পর এক তোপ। বিজেপির প্রতি নরম সুর হুমায়ুনের।

মাম্পি রায়, সাংবাদিক : ২৬-এর বিধানসভা নির্বাচনের ময়দান কাঁপাচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল। এই আবহে বহু প্রতীক্ষিত দলের নাম ঘোষণা করলেন হুমায়ুন কবীর। নতুন পার্টির নাম জনতা উন্নয়ন পার্টি। পাশাপাশি ঘোষণা করা হল বিধানসভা ভোটে প্রার্থীদের নামও। তালিকায় রয়েছেন এক হিন্দু প্রার্থীও। 

রেজিনগর ও বেলডাঙা কেন্দ্র থেকে লড়াই করছেন হুমায়ুন কবীর। সোমবার ঘোষণা করলেন তিনি। এখানেই শেষ নয়। রানিনগর ও ভগবানগোলাতেও লড়াই করছেন হুমায়ুন কবীর। কিন্তু তাঁরা আলাদা হুমায়ুন কবীর। হুমায়ুন কবীর জানিয়েছেন, “আগামী বিধানসভা নির্বাচনে রেজিনগর এবং বেলডাঙা কেন্দ্র থেকে লড়াই করবেন তিনি। এই দুই কেন্দ্রে জয় পাবেন বলে আত্মবিশ্বাসী প্রাক্তন তৃণমূল নেতা।”

হুমায়ুন কবীর আরও জানান, ”আরও বেশ কয়েকজন হুমায়ুন কবীর লড়াই করবেন। রানিনগর বিধানসভা নির্বাচনে প্রার্থী হচ্ছেন আরও এক হুমায়ুন কবীর। তিনি পেশায় চিকিৎসক।”

 ১৬ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী হয়েছিলেন এই হুমায়ুন কবীর। কিন্তু জয়ী হতে পারেননি। ২০২৬-এর নির্বাচনে সেই হুমায়ুনকেই প্রার্থী করে চমক দিলেন জনতা উন্নয়ন পার্টির প্রধান।

এখানেই শেষ নয়, ভগবানগোলাতেও আরও এক হুমায়ুন কবীরকে প্রার্থী করলেন সাসপেন্ডেড বিধায়ক। যিনি পেশায় ব্যবসায়ী।

বীরভূম থেকে আরও এক হুমায়ুনকে প্রার্থী করা হবে বলে সোমবার জানালেন হুমায়ুন কবীর। জনতা উন্নয়ন পার্টির হয়ে বেশ কয়েকজন হিন্দুও প্রার্থীও লড়াই করছেন বলে জানান তিনি। এর মধ্যে মুর্শিদাবাদ কেন্দ্রের প্রার্থী হচ্ছেন মনীষা পাণ্ডে। বালিগঞ্জ থেকে প্রার্থী হচ্ছেন নিশা চট্টোপাধ্যায়। আরও বেশ কয়েকটি বিধানসভা কেন্দ্রেও এদিন প্রার্থীর নাম ঘোষণা করেন হুমায়ুন কবীর। তিনি জানান, “বাংলার মানুষের উন্নয়নই আমার দলের মূল লক্ষ্য।”

এক নজরে দেখে নেওয়া যাক কোন কোন আসনে প্রার্থী ঘোষণা করলেন হুমায়ুন কবীর-

  • ভরতপুর ও রেজিনগর থেকে প্রার্থী হলেন দলনেতা হুমায়ুন কবীর
  • খড়গপুর গ্ৰামীণ কেন্দ্রে প্রার্থী হলেন ইব্রা হাজি
  • মালদহের বৈষ্ণবনগরের প্রার্থী মুস্তারা বিবি
  • মুর্শিদাবাদ কেন্দ্রে প্রার্থী মনীষা পাণ্ডে
  • ভগবানগোলায় প্রার্থী হলেন পেশায় ব্যবসায়ী হুমায়ুন কবীর
  • রানিনগরের প্রার্থী হুমায়ুন কবীর পেশায় চিকিৎসক
  • দক্ষিণ দিনাজপুরের হরিরাম বিধানসভায় প্রার্থী ড: ওয়েদুল রহমান
  • কলকাতার বালিগঞ্জ থেকে প্রার্থী হলেন নিশা চট্টোপাধ্যায়
  • ইছাপুর থেকে প্রার্থী হলেন সিরাজুল মণ্ডল

এদিন মুর্শিদাবাদে দল ঘোষণার মঞ্চে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসকে লক্ষ্য করে একের পর এক তোপ দাগেন হুমায়ুন কবীর। তিনি বলেন. “এবার ভোটে মুর্শিদাবাদে তৃণমূলকে খাতা খুলতে দেবো না। মুর্শিদাবাদে ২২টি সিটে খাতা খুলে দেখাবো। আমি বেঁচে থাকলে তৃণমূলকে জিরো করবো। তবে বিজেপি ২-১টা সিট বাড়িয়ে নিতে পারে। বিজেপির যা কৌশল, যা অর্থবল তাতে ওদের সিট বাড়তেই পারে। কিন্তু তৃণমূলকে জিরো করবো।”