২৪ ঘন্টায় ৬ বার ভূমিকম্প আফগানিস্তানে, বাড়ছে মৃতের সংখ্যা

যত সময় গড়াচ্ছে ক্রমশ বিধ্বস্ত হয়ে পড়ছে আফগানিস্তান। লাগাতার ভূমিকম্প বা আফটারশক হয়েই চলেছে। চারদিকে শুধুই ধ্বংস চিহ্ন।

সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, নিজস্ব প্রতিনিধিঃ ২৪ ঘন্টার মধ্যে ৬বার ভয়াবহ ভাবে কেঁপে উঠল আফগানিস্তান। শুক্রবার সকালে আফগানিস্তান-পাকিস্তান সীমান্তের হিন্দুকুশ পর্বতমালার কাছে পর পর তিনি ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল যথাক্রমে ৪.৯, ৫.২ এবং ৪.৬। গত ২৪ ঘণ্টায় এই নিয়ে ছ’বার ভূমিকম্প হয় আফগানিস্তানে। বৃহস্পতিবার তিনবার কম্পন অনুভূত হয় আর তিনবারই কম্পনের মাত্রা রিখটার স্কেলে ছিল ৬.২। জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস জানিয়েছে, এই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে।

সপ্তাহের শুরুতে ভয়াবহ ভূমিকম্পে আফগানিস্তানের প্রায় ২২০০ মানুষ প্রাণ হারিয়েছেন এবং ৩৬৪০ জন আহত হয়েছেন। প্রাণহানির সঙ্গে ব্যাপক ক্ষয়ক্ষতিও হয়। তার পরে একাধিক বার আফটার শক অনুভূত হয়েছে তালিবান শাসিত এই দেশে। পেশোয়ার, মানসেহরা, হাঙ্গু, অ্যাবোটাবাদ, সোয়াত, অ্যাটক এবং মালাকান্দেও কম্পন অনুভূত হয়েছে বলে খবর।

এই মুহূর্তে জীবিতদের সন্ধানে মরিয়া অনুসন্ধান চলছে। ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কুনার প্রদেশে। এখনও ধসে পড়া বহু স্থাপনার নিচে আটকে আছে মানুষ। দুর্গম এলাকা হওয়ায় ব্যাহত হচ্ছে উদ্ধার কাজ। একদিকে যখন উদ্ধারকাজ চলছে ঠিক তখনই আফটারশক আসছে এর জেরে ব্যাহত হচ্ছে উদ্ধার কাজ। মনে করা হচ্ছে মৃত্যুর সংখ্যা আরও বাড়বে, কারণ ধ্বংস স্তূপ সরালে আরও অনেক চাপা পড়া দেহ উদ্ধার করা যাবে।

ইতিমধ্যেই ভূমিকম্প বিধ্বস্ত আফগানিস্তানের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ভারত। বিপুল ত্রাণ পাঠানো হয়েছে ভারতের তরফে। এই রকম ভয়াবহ এক সময়ে কুনার প্রদেশের মানুষের পাশে রয়েছে আফগানিস্তানের ক্রিকেটারেরা। সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে ম্যাচের ফি তাঁরা ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের দান করবেন। পাশাপাশি আরও আর্থিক সাহায্য করবেন ক্রিকেটারেরা।