পাকা ছাদ পাচ্ছে ৯ হাজার পরিবার, উৎসবের মেজাজে ভূমিপুজো।

বিশ্বজিৎ নস্কর, নিজস্ব সংবাদদাতা : সাধারণ মানুষের মাথার ওপর পাকা ছাদ নিশ্চিত করতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগ। মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প ‘বাংলার বাড়ি’ (গ্রামীণ)-এর দ্বিতীয় পর্যায়ের কাজ সাড়ম্বরে শুরু হল সাগর ব্লকে। নদী ভাঙনে ভিটেমাটি হারানো অসহায় পরিবারগুলোর কাছে এই প্রকল্প এখন এক নতুন জীবনের দিশারি। সাগর ব্লকের রুদ্রনগর গ্রাম পঞ্চায়েতের মনসাদ্বীপ খাসমহাল গ্রামে এক অভিনব অনুষ্ঠানের মাধ্যমে এই পর্যায়ের সূচনা হয়। ১৯৯৪-৯৫ সালে ঘোরামারা দ্বীপের ভয়াবহ ভূমি ক্ষয়ের কারণে বাস্তুচ্যুত তফসিলি জাতিভুক্ত পরিবারগুলো দীর্ঘকাল কাঁচা ঘরে কষ্টে দিন কাটিয়েছেন। এদিন ১৫টি বাড়িতে একযোগে প্রথা মেনে ‘ক্লাস্টার মোড’ ভূমিপুজো সম্পন্ন হয়।

সাগর ব্লকে মোট ৯,১৩০টি পরিবার এই সুবিধা পাচ্ছে। এই প্রকল্পের জন্য ব্লকে মোট ব্যয় হচ্ছে প্রায় ১০৯.৫৬ কোটি টাকা। প্রতিটি পরিবার বাড়ি তৈরির জন্য সরাসরি ১ লক্ষ ২০ হাজার টাকা পাচ্ছেন। বাড়ির পাশাপাশি প্রতিটি পরিবারকে শৌচাগার প্রদান করে ১০০ শতাংশ স্যানিটেশন নিশ্চিত করা হচ্ছে।এদিন ১৮৫ জন নতুন উপভোক্তার হাতে অনুমোদনপত্র তুলে দেন সাগরের বিডিও কানাইয়া কুমার রাও এবং পঞ্চায়েত সমিতির সভাপতি সাবিনা বিবি। উপভোক্তারা আবেগপ্লুত হয়ে জানান, “দীর্ঘদিন ভাঙা ঘরে ঝড়-বৃষ্টির মধ্যে প্রাণ হাতে করে থাকতে হয়েছে। দিদির জন্য মাথার ওপর পাকা ছাদ পাচ্ছি। এই ভিত-পুজো আমাদের কাছে এক নতুন উৎসব।” মুখ্যমন্ত্রীর প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়ে এবং প্রীতিভোজের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত হয়। প্রশাসনের এই তৎপরতায় এখন সুন্দরবনের সাগর উপকূলে বইছে খুশির হাওয়া।