যুদ্ধ(!) করছেন দুই নেতা আর খুশি সাধারণ মানুষ। কোথায় ঘটলো এমন ঘটনা ?

কথায় আছে রাজায় রাজায় যুদ্ধ হয়, উলুখাগড়ার প্রাণ যায়। কিন্তু যদি এমন হয় যে রাজায় রাজায় যুদ্ধে উপকৃত হন সাধারণ মানুষ, তাহলে কেমন হয় ? ঠিক এমনটাই ঘটেছে আরামবাগে। এই যুদ্ধের একদিকে আরামবাগের বিজেপি বিধায়ক বিমান ঘোষ, আর একদিকে আরামবাগ পুরসভার চেয়ারম্যান সমীর ভান্ডারি। এই দুই নেতার যুদ্ধে (!) আসল ক্ষীর লাভ হচ্ছে সাধারণ মানুষের।

অনুপ চ্যাটার্জি, আরামবাগ- আরামবাগের রামকৃষ্ণ সেতুর গার্ড‌ওয়াল ভেঙে পড়ায় আপাতত সেতুর উপর দিয়ে ভারী যান চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে পূর্ত দফতর। ফলে বন্ধ বাস পরিষেবা। বাস পরিষেবা বন্ধ হয়ে যাওয়ায় চূড়ান্ত বিপদে পড়েছেন সাধারণ মানুষ। বিশেষ করে যারা এই পথের বাস যাত্রী। সেতুর উপর দিয়ে বাস চলাচল বন্ধ হ‌ওয়ায় বাস যাত্রীদের কালিপুর আইল্যান্ড থেকে আরামবাগ বাস স্ট্যান্ড পর্যন্ত প্রায় দেড় থেকে দুই কিলোমিটার রাস্তা হেঁটে যেতে হচ্ছে। হাঁটার বদলে টোটো করেও যাওয়া যেতে পারে। কিন্তু মানুষের এই বিপদের সময় কিছু অসাধু টোটো চালক ওই দেড় দুই কিঃমিঃ রাস্তার জন্য ভাড়া হাঁকিয়েছে ৪০/৫০ টাকা। যে যেমন নিয়ে পারে আর কি। অন্য সময় এই ভাড়া থাকে ১৫/২০ টাকা। একলাফে এতটা ভাড়া বেড়ে যাওয়ায় চূড়ান্ত সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ।

সাধারণ মানুষকে এই সমস্যা থেকে রেহাই দিতে যুদ্ধে নেমেছেন বিজেপি ও তৃণমূল কংগ্রেসের দুই নেতা। বিনা পয়সায় বা ফ্রি-তে টোটো পরিষেবা চালু করেছেন দু’জনেই। যার ফলে হাসি ফুটেছে সাধারণ মানুষের। এদিন সকালে আরামবাগের বিজেপি বিধায়ক বিমান ঘোষ আরামবাগ বাস স্ট্যান্ড থেকে কালীপুর আইল্যান্ড পর্যন্ত ফ্রি টোটো পরিষেবা চালু করেছেন। দুই প্রান্তে চারটি করে মোট আট টি টোটো চলাচল করবে বলে জানিয়েছেন তিনি। আরামবাগ পুরসভা ও প্রশাসনের দিকে আঙুল তুলে তিনি অভিযোগ করেন সাধারণ মানুষের দূর্দশার কথা মাথায় রেখে আগেই প্রশাসনের পদক্ষেপ নেওয়া উচিৎ ছিলো। আজ তিনি এই উদ্যোগ নিয়েছেন খবর পেয়ে ওরা(পুরসভার চেয়ারম্যান) নাটক করতে এসেছেন।

এদিকে আরামবাগ পুরসভার চেয়ারম্যান সমীর ভান্ডারি বলেন, তাঁরা আপাতত দশটি ফ্রি টোটোর ব্যবস্থা করেছেন। আগামি দিনে প্রয়োজন পড়লে টোটোর সংখ্যা বাড়ানো হবে। যুযুধান দুই দলের দুই নেতার এই ফ্রি পরিষেবায় আদতে উপকৃত হচ্ছেন সাধারণ মানুষ। তাঁদের মত, সাধারণ মানুষের উপকারে লাগতে পারে এমন লড়াই চলতেই থাকুক।