বিতর্কিত জমিতে পুরসভার নির্মাণ! প্রশ্নের মুখে জঙ্গিপুর পৌরসভা

সাহস, উদারতা না কি আইন অবমাননার প্রবণতা? প্রশ্নের ঘূর্ণাবর্তে জঙ্গিপুর পুরসভা। বাসুদেবপুর মৌজায় রোজভ্যালি চিটফান্ড সংস্থার নামে প্রায় ১৩ শতক জমি বহু বছর ধরে ফাঁকা পড়ে রয়েছে—এ তথ্য সর্বজনবিদিত। কলকাতা হাইকোর্টের নির্দেশে সেই জমি এখন বাজেয়াপ্ত। অথচ সেই জমিতেই সম্প্রতি শুরু হয়েছে পৌরসভার জলের ট্যাঙ্ক নির্মাণ সহ একাধিক কাজকর্ম। যা নিয়ে তীব্র প্রশ্ন তুলেছেন সাধারণ নাগরিক থেকে আইনজীবী পর্যন্ত।

ষষ্ঠী চট্টোপাধ্যায়, নিজস্ব প্রতিনিধিঃ-স্থানীয় বাসিন্দাদের একাংশের বক্তব্য, ‘‘এই জমি যদি কোনো প্রোমোটার নজর দিত, তা হলেও প্রশ্ন উঠত। কিন্তু এ ক্ষেত্রে পুরসভা নিজেই বেআইনি দখল নিতে উদ্যত হয়েছে! এদের কি আদালত, প্রশাসন বা আইন বলে কিছু নেই?’’

এই ঘটনার বিরুদ্ধে ইতিমধ্যেই আইনি পথে হাঁটেছেন আইনজীবী অরিন্দম দাস। রোজভ্যালি সংস্থার আমানতকারীদের তরফে তিনি পুরসভা, জেলা প্রশাসন এবং নবান্নে আইনি নোটিস পাঠিয়ে নির্মাণ অবিলম্বে বন্ধ করার দাবি জানিয়েছেন। অরিন্দবাবুর বক্তব্য, ‘‘এই জমি হাইকোর্ট নিযুক্ত কমিটির হেফাজতে রয়েছে। সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট—উভয় আদালতের নির্দেশেই এই সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে। পুরসভা কী করে সেখানে নির্মাণ করে দখলের চেষ্টা করে, সেটাই প্রশ্ন।’’

তিনি আরও জানান, ইতিমধ্যে সেবি, ইডি, সিবিআই, রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, পুর ও নগরোন্নয়ন দপ্তর—সব পক্ষকেই বিষয়টি জানানো হয়েছে। তবু কাজ বন্ধ না হলে আদালত অবমাননার মামলা দায়েরের হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।

সব মিলিয়ে এক দশক ধরে আদালতের অধীন থাকা বিতর্কিত জমিতে সরকারি স্তরের নির্মাণ যে কী বার্তা দিচ্ছে, তা নিয়ে প্রশ্ন তুলছেন বিশেষজ্ঞ মহলও।