বিশ্বজিৎ নস্কর, নিজস্ব প্রতিনিধি: দুর্গাপুজো মানেই হল জমিয়ে খাওয়াদাওয়া আর ঘুরে বেড়িয়ে ঠাকুর দেখে পুজোর দিনগুলো চুটিয়ে উপভোগ করা। আর প্যান্ডেলে প্যান্ডে সেলফি তুলে সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করা। কিন্তু এমন অনেক প্রান্তিক মানুষজন আছেন, যাদের এসব ভাগ্যে জোটেনা। পুজোয় নতুন জামা পরাটা ওদের কাছে স্বপ্ন। রেস্তোরাঁ থেকে ভালোমন্দ খাওয়া দাওয়াটাও যেন সোনার পাথরবাটি। কারণ দুবেলা দুমুঠো খাবারের জোগান দেওয়াটাও তাদের কাছে বড় ব্যাপার। একবেলা খাবার জুটলেও পরের বেলা আধপেটা খেয়েই শুতে হয়। এমনই সব দুঃস্থদের কথা মাথায় রেখে অভিনব উদ্যোগ নিল বারুইপুরের এক স্বনামধন্য স্বেচ্ছাসেবী সংস্থা। নতুন ভোর সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে এক টাকার বিনিময়ে বিলি করা হল পেট ভরা ভাত। সপ্তমী থেকে শুরু হয়েছে। বিজয়া দশমী পর্যন্ত এই খাবার বিলি করা হবে। প্রতিদিন এক হাজার দুঃস্থদের ১ টাকার বিনিময়ে পেট ভরা ভাতের ব্যবস্থা করা হয়েছে। সপ্তমীর মেনুতে ছিল মাছ ভাত। অষ্টমীতে দেওয়া হল- পোলাও, আলু কষা নবমীতে দেওয়া হবে- মাংস-ভাত। বিজয়া দশমীর মেনুতে রয়েছে পোলাও আর ডিম কষা এবং রাজভোগ।

বারইপুর উড়ালপুলের সামনে ট্রাফিক গার্ডের অফিসের ঠিক সামনে ব্যানার, তোরন টাঙিয়ে দুঃস্থদের জন্য খাবার বিলি করা হচ্ছে। ভোরের আলোর এই উদ্যোগে সমাজের সব স্তরের মানুষজন উপকৃত হলেন। খুদে থেকে বয়স্ক সকলে ১টাকার বিনিময়ে কুপন কেটে পেট ভরা খাবার নিয়েছেন। পাশাপাশি দুহাত ভোরে আশীর্বাদও দিয়েছেন।


দুঃস্থ মানুষজন, যারা পুজোর সময় ভালো-মন্দ যারা খেতে পান না তারাও এই এক টাকার বিনিময়ে লাইন দিয়ে খাবার নিয়ে যাচ্ছেন। এই সংস্থাকে তারা দুহাত ভরে আশীর্বাদও জানাচ্ছেন। সংস্থার সদস্য ধীমান হালদার জানাচ্ছেন, এই প্রথম নয়, গত ৪বছর ধরে এই উদ্যোগ নিয়ে আসছে ভোরের আলো সংগঠন। প্রান্তিক ও দুঃস্থ মানুষজন যারা অভাব অনটনের জন্য উৎসবের আনন্দে সামিল হতে পারেন না, তাঁরা কিছুটা হলেও যাতে প্রাণের উৎসবে যোগ দিতে পারেন, সেজন্যই এই উদ্যোগ।