চাঁপাপুকুর থেকে হাসনাবাদ ডাবল রেললাইন ?

স্টেশন মাস্টারদের সঙ্গে ডাবল লাইনের কাজের বিষয়ে আলোচনা করলেন ডিআরএম

শ্যাম বিশ্বাস, নিজস্ব সংবাদদাতা: খুব শীঘ্রই ডবল লাইনের কাজ শুরু হতে চলেছে শিয়ালদহ-হাসনাবাদ শাখার বসিরহাটের চাঁপাপুকুর থেকে প্রান্তিক স্টেশন হাসনাবাদ পর্যন্ত। পূর্বরেল সূত্রে জানা গিয়েছে, খুব দ্রুতই সেই কাজ শুরু করা হবে। সেই কাজের অগ্রগতি এবং এলাকা পর্যবেক্ষণ করতে চাঁপাপুকুর থেকে হাসনাবাদ স্টেশনের মধ্যে একাধিক রেল স্টেশনে পর্যবেক্ষণে আসেন শিয়ালদহ ডিভিশনের ডিআরএম রাজীব সাক্সেনা। শনিবার বারোটা কুড়ি নাগাদ ডিআরএমের বিশেষ ট্রেন প্রথমে চাঁপাপুকুর স্টেশনে এসে পৌঁছায়। তারপর একে একে বসিরহাট রেল স্টেশন ও অবশেষে হাসনাবাদ স্টেশনে গিয়ে পৌঁছান ডিআরএম। সেখানে একদিকে যেমন বিভিন্ন স্টেশনের স্টেশন মাস্টারদের সঙ্গে ডাবল লাইনের কাজের বিষয়ে আলোচনা করেন। অন্যদিকে কিভাবে কাজ দ্রুত শুরু করা যায় এবং ডবল লাইন করতে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে কিনা সেই বিষয়ে বিষদে আলোচনা করা হয়।

পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে, চাঁপাপুকুর থেকে হাসনাবাদের মধ্যে ১৬.৩ কিলোমিটার রেললাইন ডবল করা হবে। যা হলে উপকৃত হবেন কলকাতা শহরতলীর বসিরহাট, টাকি হাসনাবাদ ও বাদুড়িয়ার মতো শহরগুলি। সঙ্গে সুবিধা পাবেন সুন্দরবনের হাসনাবাদ ও হিঙ্গলগঞ্জ ব্লক সহ বিস্তীর্ণ এলাকার লক্ষ লক্ষ মানুষ। দক্ষিণ ২৪ পরগণার গোসাবা ব্লকের একাংশের মানুষও হাসনাবাদ স্টেশন থেকে ট্রেন ধরতে পারবেন। যার ফলে টাকির পাশাপাশি সুন্দরবনের পর্যটনও ব্যাকপক উন্নতি করবে বলে আশা সংশ্লিষ্ট মহলের। পূর্ব রেলের তরফে জানানো হয়, বর্তমানে এই শাখায় আপ-ডাউন মিলিয়ে মোট ২৩ জোড়া লোকাল ট্রেন যাতায়াত করে। ডবল লাইনের কাজ সম্পূর্ণ হলে বাড়বে ট্রেন সংখ্যাও। যার ফলে সুন্দরবনের বিস্তীর্ণ এলাকার মৎস্যজীবী থেকে শুরু করে নিত্যযাত্রী এবং সবজি বিক্রেতারা সহজেই মাল নিয়ে পৌঁছাতে পারবেন বারাসাত, কলকাতা সহ রাজ্যেের বিভিন্ন বাজারগুলিতে। সুবিধা পাবেন নিত্যযাত্রীরাও।

এদিনের এই পরিদর্শন নিয়ে পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশনের ডিআরএম রাজীব সক্সেনা বলেন, “যাত্রী পরিষেবা বাড়ানোর জন্য আর কি কি সুবিধা এই সমস্ত স্টেশন গুলিতে প্রদান করা হবে সেগুলি আমরা খতিয়ে দেখলাম।” চাঁপাপুকুর থেকে হাসনাবাদ পর্যন্ত ডবল লাইন প্রসঙ্গে তিনি বলেন, “সবে আমরা পরিদর্শন করলাম। আদৌ এখানে ডবল লাইন করার মতো পরিস্থিতি আছে কিনা, কতগুলি ব্রিজ প্রয়োজন বা কোন কোন এলাকায় আমরা সঠিকভাবে কাজ করতে পারবো সে বিষয়ে আলোচনা করলাম। তারপরে সমীক্ষা হবে। তারপরেই এই ডবল লাইনের কাজ অগ্রগতি পেতে পারে।” হাসনাবাদ রেল স্টেশনের এই পরিদর্শনে ডিআরএমের সঙ্গে উপস্থিত ছিলেন হাসনাবাদ রেল স্টেশনের জিআরপির ভারপ্রাপ্ত আধিকারিক বাবলু কুমার সরকার ও হাসনাবাদের রেল স্টেশনের স্টেশন মাস্টার সহ একাধিক রেল আধিকারিকরা।