ডিআই, এসআই-দের কড়া নির্দেশিকা মধ্যশিক্ষা পর্ষদের

মাধ্যমিক পরীক্ষায় স্বচ্ছতা বজায় রাখতে কড়া নির্দেশিকা মধ্যশিক্ষা পর্ষদের।  এবার নির্দেশ মাধ্যমিক পরীক্ষার সঙ্গে যুক্ত ডিআই, এসআই-দের। পর্ষদের নির্দেশ না মানলে নেওয়া হবে কড়া ব্যবস্থা, হুঁশিয়ারি পর্ষদের।

নাজিয়া রহমান,  নিজস্ব প্রতিনিধি:  মাধ্যমিক পরীক্ষায় স্বচ্ছতা বজায় রাখতে ফের একবার কড়া নির্দেশিকা মধ্যশিক্ষা পর্ষদের।  পর্ষদের এই কড়া নির্দেশিকায় বলা হয়েছে যে সমস্ত জেলা ও মহকুমা  স্তরের পরিদর্শককে লিখিতভাবে জানাতে হবে তাঁদের পরিবারের কোনও সদস্য মাধ্যমিকে অংশ নিচ্ছেন কিনা। যদি এবিষয়ে কোনও গোপনীয়তা থাকে  এবং পরে তা প্রমাণিত হয় তাহলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে কড়া প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলেই নির্দেশ মধ্যশিক্ষা পর্ষদের।

মাধ্যমিক পরীক্ষায় স্বচ্ছতা বজায় রাখতে সবসময়ই কড়া পদক্ষেপ গ্রহণ করে মধ্যশিক্ষা পর্ষদ। তবে গত বছরের একটি ঘটনা  থেকে  শিক্ষা নিয়ে এবার আরও বেশি সতর্ক পর্ষদ।  গতবার  মালদহের একটি ঘটনায় দেখা গিয়েছিল পরীক্ষার দায়িত্বে থাকা একজন আধিকারিক  তথ্য গোপন রেখে চারটি বিষয়ের পরীক্ষা পর্যন্ত পরীক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত ছিলেন। মাধ্যমিকের  চারটি পরীক্ষা হয়ে যাওয়ার পর বিষয়টি মধ্যশিক্ষা পর্ষদের নজরে আসে। ওই ঘটনায় অভিযুক্ত ডিআইকে পরীক্ষার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছিল, তবে এই ঘটনায় পর্ষদের ভাবমূর্তি এবং পরীক্ষা বিশ্বাসযোগ্যতার উপর প্রশ্ন তুলেছিল। এবার সেই ঝুঁকি নিতে চায় না পর্ষদ। তাই আগে থেকে বিজ্ঞপ্তি জারি করে পর্ষদের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হল,  যে পরীক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত  সমস্ত জেলা ও মহকুমা স্তরের পরিদর্শককে লিখিতভাবে জানাতে হবে তাঁদের পরিবারের কোনও সদস্য মাধ্যমিকে অংশ নিচ্ছেন কি না। যদি এবিষয়ে কোনও গোপনীয়তা থাকে  এবং পরে তা প্রমাণ হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে কড়া প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি পর্ষদের।

ছাত্রজীবনের প্রথম গুরুত্বপূর্ণ মাধ্যমিক পরীক্ষা।   এই মাধ্যমিক পরীক্ষার গোপনীয়তা এবং নিরপেক্ষতা বজায় রাখতে ডিআই ও এসআইদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। কারণ তাঁদের তত্ত্বাবধানেই প্রশ্নপত্র রওনা থেকে খাতা সংগ্রহ পর্যন্ত পুরো প্রক্রিয়াটিই  সম্পন্ন হয়। সেক্ষেত্রে যদি কোন ডিআই ও এসআই – এর পরিবারের কেউ পরীক্ষাও দিচ্ছেন আর সংশ্লিষ্ট সেই ডিআই ও এসআই  পর্যায়ের কোনও আধিকারিক পরীক্ষার দায়িত্বেও আছেন তাহলে একাধিক প্রশ্ন উঠতে পারে।  তাই পরীক্ষায় স্বচ্ছতা বজায় রাখতে এই কড়া নির্দেশিকা পর্ষদের।

বিধানসভা ভোটের কারণে এগিয়ে এসেছে ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষা।  ২০২৬ সালে মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ২ফেব্রয়ারি থেকে চলবে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত । এই পরীক্ষার সময় এগিয়ে আসতেই পরীক্ষায় স্বচ্ছতা নিশ্চিত করতে নতুন করে নির্দেশিকা জারি করল মধ্যশিক্ষা পর্ষদ। বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানিয়ে দেওয়া হল, যে সব জেলা পরিদর্শক (ডিআই) এবং বিদ্যালয় পরিদর্শকদের (এসআই) সন্তান ২০২৬এর মাধ্যমিক পরীক্ষায় অংশ নেবেন, তাঁরা কোনও অবস্থাতেই পরীক্ষা পরিচালনার দায়িত্বে থাকতে পারবেন না। পর্ষদের পক্ষ থেকে এও জানানো হয়েছে যে পরীক্ষা ব্যবস্থায় যুক্ত ডিআই ও এসআইদের পরিবারের কেউ পরীক্ষার্থী হিসেবে বসছে কিনা তা পর্ষদকে আগাম জানানো   বাধ্যতামূলক।

পর্ষদের নির্দেশ অনুযায়ী সমস্ত  জেলা ও মহকুমা স্তরের পরিদর্শককে লিখিতভাবে জানাতে হবে যে তাঁদের পরিবারে কেউ মাধ্যমিকে অংশ নিচ্ছেন কিনা। যদি কোনও পরিদর্শক না জানান এবং পরে প্রমানিত হয় যে সেই সংশ্লিষ্ট পরিদর্শকের পরিবারের কোন সদস্য এবার মাধ্যমিক পরীক্ষায় বসছেন তাহলে সেই পরিদর্শকের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি পর্ষদের। মাধ্যমিক পরীক্ষাকে ঘিরে যাতে  কোনও রকম পক্ষপাত বা স্বজনপ্রীতির অভিযোগ না ওঠে তাই পরিদর্শকদের  আগে থেকেই সতর্ক পর্ষদ।