গেদে চেকপোস্ট দিয়ে ফ্ল্যাগ মিটিংয়ের মাধ্যমে বাংলাদেশে ফেরানো হল ৩১জন বাংলাদেশিকা। তাদের মধ্যে রয়েছে নারী, পুরুষ, শিশু, রূপান্তরকারীরাও।
বিশ্বজিৎ দেবনাথ, নিজস্ব সংবাদদাতা: গেদে চেকপোস্ট দিয়ে ৩১ বাংলাদেশী নারী-পুরুষ, শিশুকে হস্তান্তর করল বিএসএফ। ভারতে অবৈধভাবে প্রবেশ করার জন্য বিভিন্ন সময়ে আটক হয়েছে বাংলাদেশি নাগরিকরা। তাদের ফ্ল্যাগ মিটিং-এর মাধ্যমে গেদে সীমান্ত দিয়ে দেশে ফেরানো হয়। এবারও তা করা হল। চুয়াডাঙ্গার দর্শনা বন্দর চেকপোস্টে ৩১ জন নারী-পুরুষ শিশুকে ফেরত দিল বিএসএফ।

বিজিবি ও বিএসএফ যৌথ ফ্ল্যাগ মিটিং-এর মাধ্যমে চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের অধীনস্থ দর্শনা আইসিপি কমান্ডারকে প্রতিপক্ষ ৩২/বিএসএফ ব্যাটালিয়নের অধীনস্থ গেদে ক্যাম্প কমান্ডার মোবাইল ফোনের মাধ্যমে অবগত করেন যে, ভারতে অবৈধভাবে প্রবেশ করার কারণে বিভিন্ন সময়ে পুলিশ ১৬ জন পুরুষ, ১০ জন মহিলা, ২ জন রূপান্তরকামী এবং ৩ জন শিশু অর্থাৎ মোট ৩১ জন বাংলাদেশী নাগরিককে আটক করেছিল, তাদেরকে ফেরত পাঠানো হল। বিএসএফ তাদের নাম ঠিকানা এবং মোবাইল নম্বর বিজিবির কাছে হস্তান্তর করে।
এরপর বিজিবি এইসব বাংলাদেশিদের পরিচয় সনাক্ত করে দুপুর ১ টায় গেদেয় বিএসএফ আধিকারিকদের উপস্থিতিতে ও দর্শনা আইসিপির সীমান্তে ফ্লাগ মিটিং-এর মাধ্যমে বিএসএফের কাছ থেকে তাদের গ্রহণ করে।
হস্তান্তর বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন সুবেদার মোঃ আবুল হাসান। বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন ইন্সপেক্টর শিবশঙ্কর সিং।
৩১জন নারী-পুরুষ, শিশুদের দর্শনা থানায় হস্তান্তর করেছে বিজিবি। এরা বাংলাদেশের ঢাকা, মানিকগঞ্জ, কুমিল্লা, ফেনী, নোয়াখালী, শেরপুর, মৌলভীবাজার, কুড়িগ্রাম, ময়মনসিংহ, খুলনা, যশোর, নড়াইল, সাতক্ষীরা ও চুয়াডাঙ্গার বাসিন্দা। দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিদ তিতুমীর জানান, এইসব ব্যক্তিদের পরিজনদের সঙ্গে যোগাযোগ করে নিজেদের পরিবারের কাছে পাঠিয়ে দেওয়া হবে।
বাংলাদেশে ফেরত যাওয়া মানুষজন জানাচ্ছেন, তারা কাজের সন্ধানে বিভিন্ন সীমান্তে দিয়ে দালালের মাধ্যমে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল। ভারতের মুম্বই শহরে কাজ করে জীবন-জীবিকা নির্বাহ করতো। সম্প্রতি চলমান অভিযানে ভারতীয় পুলিশ তাদের আটক করে কারাগারে পাঠায়। এরপর কারাগার থেকে মঙ্গলবার পশ্চিমবঙ্গের গেদে চেকপোস্ট দিয়ে দেশে ফেরত পাঠানো হল তাদের।
পশ্চিমবঙ্গ সহ ভারতের একাধিক জায়গায় এসআইআরের ফলে আরও নাগরিকত্ব নিয়ে বেশি করে কড়াকড়ি হয়ে যাচ্ছে। বিদেশি মানুষজন যাতে অবৈধভাবে দেশের ভিতরে থাকতে না পারেন, সেবিষয়ে কড়া পদক্ষেপ করা হবে। নাগরিকত্ব না থাকলে বা ভুয়ো নাগরিক হলেও কড়া পদক্ষেপ করতে প্রশাসন। সোমবার রাত থেকেই এসআইআর চালুর কথা ঘোষণা করে দিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার।