কমিশনের সঙ্গে বৈঠকে তারা খুশি এবং আশ্বস্ত, জানালেন স্থানীয় তৃণমূল, বিজেপি, কংগ্রেস ও সিপিএমের প্রতিনিধিরা।
ছোটন সেনগুপ্ত, নিজস্ব সংবাদদাতা: রাজ্যে SIR কার্যকর হওয়ার পর সফল পশ্চিম বর্ধমান জেলায় সর্বদলীয় বৈঠক। বুধবারের বৈঠক সফল হয়েছে বলে দাবি প্রশাসনের। যে তৃণমূল কংগ্রেস SIR কার্যকর নিয়ে চরম বিরোধিতায় নেমেছে। সেখানে পশ্চিম বর্ধমান জেলায় তৃণমূল নেতৃত্বের মুখে শোনা গেল একেবারে ভিন্ন সুর। কমিশনের সঙ্গে বৈঠকে তারা খুশি এবং আশ্বস্ত, জানালেন স্থানীয় তৃণমূল নেতৃত্বরা।

বুধবার আসানসোলে পশ্চিম বর্ধমানের জেলাশাসক অফিসের এই বৈঠকে জেলাশাসক পোন্নমবলম এস সহ সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বৈঠকে SIR কার্যকর নিয়ে রাজনৈতিক দলের প্রতিনিধিরা বেশকিছু আবেদন জানিয়েছেন। যেমন পশ্চিম বর্ধমান জেলার আসানসোল শিল্পাঞ্চলে একাধিক কল কারখানা রয়েছে। সেই কল কারখানার শ্রমিকরা অন্যত্রে বদলি হয়ে চলে গেছেন। সেক্ষেত্রে এই সমস্যার সমাধান কী ভাবে হতে পারে? । এমনকি অনেকে ভিন রাজ্যের শ্রমিকও রয়েছেন যাদের ২০০২ সালে ভোটার তালিকায় নাম রয়েছে। তারা বর্তমানে থাকেন না। এই ধরনের সমস্যা আসবে ভোটার সংশোধনীতে। এই বৈঠকে প্রশাসনের কথায় আশ্বস্ত হয়েছেন তৃণমূল, বিজেপি, কংগ্রেস ও সিপিএম প্রতিনিধিরা।
তৃণমূলের প্রতিনিধি বলেন, এর আগে অনেকবার এই বাংলায় এসআইআর (Special Intensive Revision) হয়েছে। ২০০২ লাস্ট এসআইআর হয়েছে, ৫৪ সাল থেকে হচ্ছে। কমিশন বারবার বলছে যাদের এই এনুমারেশন ফর্ম দেওয়ার পর যেটা হাতে পাবো, তাদের ১০০ শতাংশ আমরা চেক করবো। ১২টা পয়েন্ট মানে ১২টা ডকুমেন্টেশন। যেগুলো খুবই সাধারণ তথ্য। যেগুলো সবার কাছেই সাধারণত থাকে। এগুলো নিয়ে কোনও অসুবিধা হবে না।
কংগ্রেসের দাবি, একটা বিরাট অংশের মানুষ, যারা আমাদের রাজ্যের বাসিন্দা, তারা কর্মসংস্থানের জন্য ভিন রাজ্যে গেছেন। তারা আবার ফিরে আসবেন। তাদের নামগুলো যেন তালিকা থেকে বাদ না যায়। পাশাপাশি ফর্মটা বাংলার পাশাপাশি ইংরাজি, হিন্দি ভাষাতেও থাকবে। নাহলে শিল্পাঞ্চলে হিন্দিভাষী মানুষজন সমস্যায় পড়বেন।

বিজেপি প্রতিনিধিদের দাবি, নির্বাচন কমিশন, ইলেকট্রন কমিশন অত্যন্ত ফ্রেন্ডলি ব্যবহার করেছে। যা যা সুযোগ এখানে দেওয়া হয়েছে, নিজেকে দেশের বাসিন্দা প্রমাণ করবার জন্য, ভোটার লিস্টে নাম তোলার জন্য, তা আমরা মনে করি যথেষ্ট।
বৈঠক শেষে পশ্চিম বর্ধমানের জেলাশাসক পোন্নমবলম এস জানিয়েছেন, এখানে আরবানাইজেশন আর ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের জন্য অনেক ঘর শিফটিং হয়েছে। কোয়ার্টার চেঞ্জ হয়েছে। নতুন এমপ্লয়ী এসেছে। পুরানোরা চলে গিয়েছেন। সব স্ক্রুটিনি হবে। ফাইনাল পাবলিকেশন পর্যন্ত ম্যাপিং চলবে।
সবমিলিয়ে বিরোধী রাজনীতিকরা এসআইআরের বিরুদ্ধে মোদী সরকারের বিরুদ্ধে সরব হলেও, পশ্চিম বর্ধমান জেলায় সর্বদলীয় বৈঠক সফল। যা কার্যত অবাক করেছে রাজনৈতিক বিশ্লেযকদের।