বিধানসভা নির্বাচনের আগে এসআইআর তৎপরতার মধ্যেই বিতর্কিত মন্তব্য জগন্নাথ সরকারের।
বিশ্বজিৎ দেবনাথ, নিজস্ব সংবাদদাতা : ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে সমস্ত রাজনৈতিক দলের প্রস্তুতি তুঙ্গে। এরইমধ্যে এসআইআরকে হাতিয়ার করছে বিজেপি। বাংলাদেশ থেকে এরাজ্যে প্রবেশ করা ‘অবৈধ ভোটারদের’ চিহ্নিত করে বাদ দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে নির্বাচন কমিশন। অন্যদিকে, বৈধ ভোটারের নাম যেন বাদ না যায়, সেই লক্ষ্যেই লড়াই চালিয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেস।কেন্দ্রীয় সরকার দাবি করছে, ভোটার তালিকায় এই বিশেষ নিবিড় সংশোধনের মূল উদ্দেশ্য অনুপ্রবেশকারীদের বাদ দেওয়া।
এমন পরিস্থিতিতে রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের মন্তব্য নতুন বিতর্কের জন্ম দিল।

বৃহস্পতিবার মাটিয়ারি বানপুরে বিজেপির এক সভায় বক্তব্য রাখতে গিয়ে রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার বলেন, “কথা দিচ্ছি, এবারের ভোটে আমরা জিতলে বাংলাদেশের সঙ্গে আর কাঁটাতার রাখব না। আগেও দুই বাংলা এক ছিল, আবার এক হয়ে যাবে।”
বিজেপি নেতার আরও সংযোজন, “তৃণমূল জিতলেও কাঁটাতার থাকবে না, তবে ওই দেশটা বাংলাদেশই থেকে যাবে।”
স্বাভাবিকভাবেই, বিজেপি সাংসদের এই মন্তব্যে তীব্র বিতর্ক ছড়িয়েছে রাজনৈতিক মহলে। সীমান্ত রাজ্য পশ্চিমবঙ্গে বাংলাদেশি অনুপ্রবেশের অভিযোগ বহু পুরনো। বিজেপির অভিযোগ, রাজ্যের শাসকদল তৃণমূলের পরোক্ষ মদতেই জনবিন্যাস বদলে যাচ্ছে সীমান্তবর্তী জেলাগুলিতে। গেরুয়া শিবিরের অভিযোগ, নিজেদের ভোটব্যাঙ্ককে প্রসারিত করতেই বাংলাদেশিদের এরাজ্যের ভোটার কার্ড বানিয়ে এদেশের বাসিন্দা বানানো হচ্ছে। এমন বহু বাংলাদেশি আছে, যারা কিছু টাকার বিনিময়ে ভোটার আইডি কার্ড বানিয়ে এরাজ্যে বসবাস করছেন। যাদের ভোটে লাভবান হচ্ছে তৃণমূল কংগ্রেস। তাই এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকেই অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে সরব হয়েছে গেরুয়া শিবির।
কিন্তু এমনসময় দলেরই এক সাংসদের মুখে “কাঁটাতার তুলে দেওয়া”-র মতো মন্তব্যে রীতিমতো অস্বস্তিতে বিজেপি। দলের অন্দরে ইতিমধ্যেই এই মন্তব্য নিয়ে চাপানউতোর শুরু হয়েছে।
অনুপ্রবেশ নিয়ে আগাগোড়াই তৃণমূলকে কাঠগড়ায় দাঁড় করিয়ে আসছে বিজেপি নেতৃত্ব। পাল্টা তৃণমূলের বক্তব্য সীমান্ত দিয়ে অনুপ্রবেশের বিষয় তো রাজ্য সরকার দেখে না, এটা দেখে স্বরাষ্ট্রমন্ত্রক ও বর্ডার সিকিউরিটি ফোর্স বা বিএসএফ। তবে কেন তৃণমূলকে দোষারোপ করা হচ্ছে ? তৃণমূলের এই প্রশ্নের উত্তর বিজেপি দিতে পারবে কি? যেখানে খোদ বিজেপি সাংসদ জগন্নাথ সরকার বলছেন দুই বাংলার কাঁটাতার সরিয়ে দেব, সেখানে বিজেপি নেতৃত্ব কি বলবে ? দিনের পর দিন বিএসএফ-স্বরাষ্ট্রমন্ত্রকের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে কি আর কোনও জবাব রইল বিজেপির কাছে? জগন্নাথ সরকারকে কি এই মন্তব্যের জন্য শাস্তির মুখে পড়তে হতে পারে? সেইশব প্রশ্নের উত্তর দেবে সময়।